তদন্তে গিয়ে আইএস জঙ্গিকে বিয়ে এফবিআই কর্মীর!
ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ২০১৪ সালে গোপন মিশনে সিরিয়ায় যাওয়া এফবিআইয়ের এক কর্মী (অনুবাদক) সেখানে গিয়ে এক আইএস জঙ্গিকেই বিয়ে করে বসেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর ওই নারী সদস্য যে আইএস জঙ্গির বিরুদ্ধে তদন্ত চালাতে সিরিয়া গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি তাকেই বিয়ে করেন বলে জানিয়েছে সিএনএন।
ফেডারেল কোর্টের তথ্যের বরাত দিয়ে সিএনএনর প্রতিবেদনে বলা হয়, ড্যানিয়েলা গ্রিন নিজের ভ্রমণ নিয়ে এফবিআইকে মিথ্যা তথ্য দেন এবং তিনি তার নতুন স্বামীকে এফবিআইয়ের নজদারির বিষয়ে সতর্ক করেন।
জাতীয় নিরাপত্তা ব্যবস্থা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ায় গ্রিনের এই কাণ্ড কখনোই প্রচারের আলোয় আসতে দেয়া হয়নি।
গ্রিন যাকে বিয়ে করেছেন তার নাম ডেনিস কাসপার্ট। জার্মানির নাগরিক কাসপার্ট একজন র্যাপার থেকে আইএসআইএস’এর বক্তায় পরিণত হন।
বিশেষ করে অনলাইনে আইএস এর সমর্থনে তার উদ্দীপ্ত বক্তৃতায় আকৃষ্ট হয়ে অনেকে আইএসে যোগ দিচ্ছে। যে কারণে দুইটি মহাদেশের সন্ত্রাস-দমন কর্তৃপক্ষ তার ওপর নজরদারি শুরু করে।
র্যাপার কাসপার্ট ভক্তদের কাছে ডেজু ডগ নামে অধিক পরিচিত। সিরিয়ায় গিয়ে আইএস এর যোগ দেওয়ার পর তার নাম হয় আবু তালহা আল-আলমানি।
সিএনএন জানায়, কাসপার্টকে বিয়ের কয়েক সপ্তাহ পর গ্রিন (৩৮) বুঝতে পারেন তিনি মারাত্মক ভুল করেছেন।
তারপর তিনি পালিয়ে যুক্তরাষ্ট্র চলে যান এবং সেখানে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে। তিনি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় রাজি হন এবং
আন্তর্জাতিক সন্ত্রাসসহ মিথ্যা বিবৃতি দেওয়া নিয়ে দোষ স্বীকার করেন। তার দুই বছরের কারাদণ্ডও হয়। গত গ্রীষ্মে গ্রিন কারাগার থেকে মুক্তি পান।
এ বিষয়ে সিএনএন থেকে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হল তারা বলেন, “গ্রিনের ঘটনার পর জাতীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করে তা হ্রাসে বিভিন্ন পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
তবে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য দিতে রাজি হয়নি এফবিআই কর্তৃপক্ষ।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা জন কিরবি বলেন, “এফবিআই- এর জন্য এটি যে খুবই অস্বস্তিকর একটি ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই।”
তবে সিরিয়ায় যাওয়ার জন্য গ্রিনের আইএস এর শীর্ষ নেতাদের অনুমতি নিতে হয়েছিল বলে ধারণা কিরবির।
“শিরশ্ছেদের ঝুঁকি মাথা নিয়েই বিদেশিরা সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করে।”
“তার জন্য একজন আমেরিকান হিসেবে, একজন নারী হিসেবে, এফবিআইয়ের একজন সদস্য হিসেবে এবং আইএস এর একজন জনপ্রিয় নেতার সঙ্গে বসবাসে সক্ষম হওয়া; সবকিছু সমন্বিতভাবেই করতে হয়েছে।”
ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টে গ্রিনকে উপস্থাপনের সময় তাকে একজন ‘মারাত্মক অপরাধী’ হিসেবে বর্ণনা করে ‘কঠোর শাস্তি’ চাওয়া হয়।
যুক্তরাষ্ট্রের অ্যাসিস্টেন্ট অ্যাটর্নি জেনারেল টমাস গিলিচ বলেন, “গ্রিন জনগণের বিশ্বাস ভঙ্গ করেছেন, যেসব কর্মকর্তা দায়িত্ব নিয়ে তাকে নিরাপত্তা ছাড়পত্র দিয়েছিলেন তিনি তাদের বিশ্বাসও নষ্ট করেছেন, তিনি তার সহকর্মীদের বিশ্বাস ভেঙেছেন এবং ওই ধরনের কাজ করে তিনি আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।”
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, সাধারণত সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত অন্যদের চেয়ে গ্রিনের দুই বছরের কারাদণ্ড কম শাস্তি হয়েছে।
এমনকি আইএস এ যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে সিরিয়া রওয়ানা হওয়ার পর সেখানে পৌঁছাতে ব্যর্থ হওয়া ব্যক্তিদেরও এর চেয়ে বেশি শাস্তি দেওয়া হয়।
এ বিষয়ে বিচার বিভাগের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন।
বর্তমানে একটি হোটেলে অভ্যর্থনাকর্মী হিসেবে কাজ করছেন গ্রিন।
নিজের মামলা নিয়ে কারও সঙ্গে বিস্তারিত আলোচনা করতে ভয় পান জানিয়ে সিএনএন’কে গ্রিন বলেন, “যদি আমি আপনার সঙ্গে ওই বিষয়ে কথা বলি তবে আমার পরিবার মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে।” এ বিষয়ে আর কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
নিরাপত্তার জন্য গ্রিন বর্তমানে যুক্তরাষ্ট্রের কোথায় আছেন সে বিষয়ে নিজেদের প্রতিবেদনে কোনও তথ্য দেয়নি সিএনএন। তার ছবিও ঝাপসা করে দেওয়া হয়েছে।
