২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে এমওএবি হামলায় ৩৬ আইএস জঙ্গি নিহত

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) আস্তানায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পরমাণু বোমার বাইরে সবচেয়ে বড় বোমা (এমওএবি) নিক্ষেপে ৩৬ জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে তাদের ঘাঁটি। আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 12:16 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

৯ হাজার ৮শ’ কেজি এ বোমাটি বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশে আইএস- এর টানেল কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে ফেলা হয়। এতে কোনও বেসামরিক মানুষ হতাহত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, বোমাটি মোমান্দ ভ্যালির একটি গ্রাম এলাকায় পড়েছে। ওই এলাকায় আইএস এর আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক আছে। বোমা হামলায় তাদের বিপুল পরিমাণ অস্ত্রও ধ্বংস হয়েছে।

মাদার অফ অল বম্বস’ নামে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব (এমওএবি) ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর আগে কোনো যুদ্ধে এটি ব্যবহার করা হয়নি।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এ হামলার নিন্দা জানিয়ে টুইটারে বলেছেন, “এটি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং এর মাধ্যমে নতুন এবং বিপজ্জনক একটি অস্ত্র পরীক্ষার জন্য আফগানিস্তানকে খুবই অমানবিক এবং নির্মমভাবে ব্যবহার করা হয়েছে।”

ওদিকে, আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ বলছেন, আফগান সরকারের সমন্বয়েই এ হামলা চালানো হয়েছে। হামলার সময় যাতে বেসামরিক মানুষ হতাহতের ঘটনা না ঘটে সেদিকটিও বিশেষভাবে লক্ষ্য রাখা হয়।

নানগড়হর প্রদেশের আচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি বিবিসি’কে বলেছেন, আফগান বিশেষ বাহিনী আমেরিকার বিমান বাহিনীর সহায়তায় ওই এলাকায় ১৩ দিন আগে আইএস-বিরোধী অভিযান শুরু করেছে।

তিনি বলেন, আইএস এর আস্তানাগুলোতে নিয়মিতই বোমা ফেলা হয়। কিন্তু ‘বৃহস্পতিবার রাতের ওই বোমা হামলা ছিল খুবই শক্তিশালী’।

নানগড়হর প্রদেশের গভর্নর গুলাব মঙ্গল বলেন, আইএস যোদ্ধারা ওই টানেল কমপ্লেক্সগুলো মানুষ হত্যা আর জরুরি বৈঠক করার কাজে ব্যবহার করত। লুকিয়ে থাকা আইএস বিদেশি যোদ্ধাদের মারার ‘সুনির্দিষ্ট পরিকল্পনা’ নিয়েই এমওএবি হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র এখনও বোমা হামলার ফলাফল সম্পর্কে কোনওকিছু নিশ্চিত করে না জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প এ হামলাকে আরেকটি সফল অভিযান বলে অভিহিত করেছেন।

ঘটনার বর্ণনায় স্থানীয় এলাকার আইএস বিরোধী গোষ্ঠীর এক সদস্য মোহাম্মদ নামে নিজের পরিচয় দিয়ে বিবিসি’কে বলেছেন, বোমা হামলাস্থল থেকে তিনি এক কিলোমিটার দূরে একটি চেকপয়েন্টে ছিলেন।

তিনি বলেন, “আমরা রাতের খাবার খাচ্ছিলাম। সে সময়ই একটি বিকট বিস্ফোরণের আওয়াজ শুনি। ঘরের বাইরে এসে দেখি পর্বতে আগুন জ্বলছে...এলাকাটি বোমার আগুনের ঝলকানিতে আলোকিত হয়ে ছিল।”

আইএস-বিরোধী অভিযান শুরুর পর থেকেই বেসামরিক লোকজন এলাকাটি ছেড়ে চলে গিয়েছিল বলে জানান মোহাম্মদ।