ট্রাম্পকে বিশ্ব স্থিতিশীলতায় হুমকি ভাবে দুই-তৃতীয়াংশ ব্রিটিশ
যুক্তরাজ্যের দুই-তৃতীয়াংশ নাগরিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বিশ্বাস করে।
আর বেশিরভাগ ব্রিটিশ নাগরিকের মতে, ভবিষ্যতে ট্রাম্প একজন খারাপ প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত হবেন।
ওপিনিয়াম/অবজারভার পত্রিকার নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশগ্রহণকারীদের ৬৪ শতাংশের মতে, ট্রাম্প আন্তর্জাতিক বিশ্বের জন্য হুমকি। ট্রাম্পের ওপর আস্থা নেই ৫৬ শতাংশ মানুষের, ৫০ শতাংশের মতে ট্রাম্প বিপজ্জনক, ৩৯ শতাংশের মতে তিনি অস্থির এবং ৩৫ শতাংশ ট্রাম্পকে ধর্মান্ধ মনে করে।
জরিপে আরও দেখা গেছে, ৪৪ শতাংশ ব্রিটিশ মনে করেন ট্রাম্প খারাপ প্রেসিডেন্ট হবেন। ১০ শতাংশের মতে, ট্রাম্প গড়পত্তা প্রেসিডেন্ট হবেন এবং মাত্র ৬ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পের অসাধারণ প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন।
রানি এলিজাবেথের আমন্ত্রণে যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় ভ্রমণ নিয়েও ব্রিটিশরা দ্বিধাবিভক্ত বলে জরিপে উঠে এসেছে।
জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ ব্রিটিশ ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরই কেবল তাকে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানানো উচিত বলে মনে করে। ২৮ শতাংশ ট্রাম্পের সফর বাতিল করে দেওয়ার এবং ৩৬ শতাংশ যথাসময়ে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর পক্ষে মত দিয়েছেন।
রাষ্ট্রীয় সফরে ২০ ফেব্রুয়ারি ট্রাম্পের যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রীয় সফর হয় ব্রিটেনের রানির আমন্ত্রণে। সাধারণত বছরে এক থেকে দুটি এ ধরনের সফরের জন্য রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে থাকেন তিনি। এ আয়োজনে বেশ ঘটা থাকে।
অন্যদিকে, সরকারি সফর হয় সরকারপ্রধান তথা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। তা হয় অনেক কম ঘটা করে।
যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর আটকাতে প্রায় ১১ লাখ মানুষ এক পিটিশনে সই করেছেন। যার ভিত্তিতে মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বিতর্ক হওয়ার কথা রয়েছে।
৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি অনলাইনে ওই জরিপ চালানো হয়।
