২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন নিয়ে ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা

অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্ত হয়েছে দেশটির একটি নাগরিক সুরক্ষা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 10:30 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) এর পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে তারা একটি মামলা করেছেন।

এক টুইটে এসিএলইউ সদস্য জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের আইন বিভাগের অধ্যাপক ডেভিড কোল বলেন, “জনাব ট্রাম্প, আমরা আপনাকে আদালতে দেবে নেব। এসিএলইউ আপনার শরণার্থী বিষয়ক নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করছে।”

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর) এর পক্ষ থেকেও মামলার হুমকি দেওয়া হয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদদের একটি দল ওই আদেশের বিরুদ্ধে একটি পিটিশন জমা দিয়েছে, যেখানে ১১ জন নোবেল পুরষ্কার বিজয়ীও সাক্ষর করেছেন।

যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে বহু আলোচিত এই নির্বাহী আদেশে শুক্রবার সই করেন ট্রাম্প।

ওই আদেশের ফলে আগামী চার মাস আর কোনো শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। সিরীয় শরণার্থীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।

এর বাইরে ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন থেকে আগামী ৯০ দিন কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না। ট্রাম্পের ভাষায় যা ‘একস্ট্রিম ভেটিং মেজার্স’।

শনিবার থেকেই বিশ্বজুড়ে ট্রাম্পের ওই আদেশের প্রভাব পড়তে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের বৈধ ইমিগ্রেশন ভিসা থাকার পরও এদিন মিশরের কায়রো বিমানবন্দরে পাঁচ ইরাকি ও এক ইয়েমেনিকে নিউইয়র্কগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ফেইসবুকে এক পোস্টে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরাকি সাংবাদিক মোহাম্মদ আল-রাউই জানান, তার বাবাকে কাতার বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি।

মার্কিন সার্চ ইঞ্জিন গুগল কর্তৃপক্ষ এ বিষয়ে বিবিসিকে বলেন, তারা (ট্রাম্পের) নির্বাহী আদেশ নিয়ে উদ্বিগ্ন। এ ধরণের যেকোনো ব্যবস্থা নেওয়া হলে যুক্তরাষ্ট্র অসাধারণ প্রতিভাধরদের হারাবে।

বিবিসির খবরে বলা হয়, নতুন এই নিষেধাজ্ঞা বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলবে। দেশটির প্রযুক্তি কোম্পানিগুলো সারা বিশ্ব থেকে দক্ষকর্মী নিয়োগ দেয়, বিশেষ করে এইচওয়ান-বি ভিসা ব্যবস্থার অধিনে।

যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি পাওয়া (গ্রিন কার্ড হোল্ডার) অভিবাসীদেরও বিভিন্ন বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

যদিও গ্রিন কার্ড হোল্ডারদের বিষয়ে নির্বাহী আদেশে কিছু বলা হয়নি।

সিএআইআর কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে অবস্থান করা নিষেধাজ্ঞার আওতায়ভূক্ত দেশগুলোর নাগরিকদের এই সময়ে বিদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।

আমেরিকান-আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটিও একই পরামর্শ দিয়েছে।

ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’।

তিনি বলেন, “অনেকের মতো আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশগুলোর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। আমাদের উচিত দেশকে নিরাপদ রাখা। প্রসাশনের উচিত, দেশের জন্য যারা প্রকৃত হুমকি তাদের ওপর নজর রাখা। তাদের বদলে সাধারণ অভিবাসীদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনীকে চাপিয়ে দেওয়ার আইন লাখো অনিবন্ধিত অভিবাসীদেরকে নির্বাসনের শঙ্কায় ফেলে দিয়েছে।”

শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দ্বার আরও উন্মুক্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

পুরনো খবর:

ট্রাম্পের আদেশ: কায়রোতে আটকালেন ৬ যাত্রী
ট্রাম্পের ‘অভিবাসী’ সিদ্ধান্তের সমালোচনায় জাকারবার্গ
চার মাস কোনো শরণার্থী নেবে না যুক্তরাষ্ট্র