২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের একটি আদালত দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারকা ফাস্ট বোলার ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 03:39 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

নিজের করা মামলায় পরপর ৩১টি শুনানিতে হাজির না হওয়ায় মঙ্গলবার আকরামের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি হয় বলে দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

করাচির সেশন আদালতের এ পরোয়ানা জামিনযোগ্য, তবে এর জন্য ১৭ জানুয়ারির আগেই ওয়াসিমকে আদালতে হাজিরা দিতে হবে।

ডন জানায়,  ২০১৫-র অগাস্টে অবসরপ্রাপ্ত মেজর আমিরুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে করাচির বাহাদুরাবাদ থানায় আকরাম ওই মামলাটি করেছিলেন। 

৬ অগাস্ট করাচি স্টেডিয়ামে তরুণ বোলারদের প্রশিক্ষণ সেশন থেকে ফেরার পথে কারসাজ সড়কে আমিরুরের গাড়ির সঙ্গে আকরামের মার্সিডিজের মৃদু সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আকরাম আমিরুরের গাড়ির চালককে সরে যেতে বললেও গাড়িটির পেছনের সিটে বসে থাকা আমিরুর আকরামের সঙ্গে বচসায় জড়ান; এক পর্যায়ে রিভলবার বের করে আকরামের গাড়ির চাকা লক্ষ্য করে গুলি ছোড়েন।

এ ঘটনায় আকরাম মামলা করলে আমিরুর আদালত থেকে জামিন নেন। পরে ক্ষমা চেয়ে আকরামের কাছে চিঠিও লেখেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক এই মেজর।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলার কয়েকদিনের মধ্যেই প্রভাবশালী কয়েক ব্যক্তির হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়। এজন্য পরে কোনো পক্ষই আদালতে হাজির হওয়ার প্রয়োজন বোধ করেননি।