২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনঝুঁকির অজুহাতে হারদিক প্যাটেলকে গ্রেপ্তার

গুজরাটের প্যাটেল বা পাতিদার আন্দোলনের নেতা হারদিক প্যাটেলকে রাজস্থানের জয়পুরে গ্রেপ্তার করা হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 02:58 PM

Updated : 12 Apr 2022, 03:34 AM

নিজের টুইটার পৃষ্ঠায় হারদিক প্যাটেল জানান, একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তার (হারদিক প্যাটেল) জীবন হুমকির মুখে থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

জয়পুর বিমানবন্দরে নামার পর শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। “জীবনঝুঁকির কারণ দেখিয়েছে জয়পুরের পুলিশ।”-বলেন প্যাটেল।

তাকে পুলিশের নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

প্যাটেল বলেন, অজ্ঞাত একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “উপরের নির্দেশে” তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গেল বছরের অগাস্টে ভারতের গুজরাটে শিক্ষা ক্ষেত্র ও সরকারি চাকরিতে আরো সুযোগ নিশ্চিত করার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন হারদিক প্যাটেল।

ওই আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। তাতে বেশ কয়েকজন নিহতও হন। পরিস্থিতি বিবেচনায় রাজ্যটিতে কারফিউও জারি করা হয়েছিল।

গুজরাটের প্রায় ২০ ভাগ মানুষ প্যাটেল বা পাতিদার সম্প্রদায়ের। এই সম্প্রদায় অর্থনৈতিকভাবে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রয়েছে। দেশটির ডায়মন্ড শিল্পের নিয়ন্ত্রক এবং গুজরাটের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী এবং কৃষকেরা প্যাটেল সম্প্রদায়ের।

তবে গেল বছর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্যাটেলদের চাকরির পথ রুদ্ধ করা হচ্ছে।

এরপরই তরুণ হারদিক প্যাটেল অন্যান্য সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মতো তার নিজের সম্প্রদায়ের জন্যও সরকারি চাকরিতে কোটা বরাদ্দের দাবি জানান।

২০০২ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকেই গুজরাটে সতর্কাবস্থা রয়েছে। ওই দাঙ্গায় কমপক্ষে ১ হাজার মানুষ নিহত হন, যাদের বেশির ভাগই মুসলিম।