হত্যাযজ্ঞের স্বীকারোক্তি দিয়ে অভিশংসনের ঝুঁকিতে দোতার্তে
দাভাও এর মেয়র থাকাকালে সন্দেহভাজন অপরাধীদের ব্যক্তিগতভাবে হত্যা করার স্বীকারোক্তি দিয়ে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে অভিশংসনের মুখে পড়ারই ঝুঁকি নিয়েছেন বলে মন্তব্য করেছেন দুই ফিলিপিন সিনেটর।
সোমবার দোতার্তে অপরাধে জড়িত সন্দেহে মানুষজনকে ব্যক্তিগতভাবে হত্যা করার কথা স্বীকার করে বলেন, “দাভাওয়ে আমি প্রায়ই নিজে একাজ করতাম। এর মাধ্যমে আমি শুধু তাদের (পুলিশ) দেখাতে চেয়েছি, যদি আমি এটা করতে পারি তবে আপনারা কেন পারবেন না?”
দোতার্তের কড়া সমালোচক সিনেটর লেইলা ডি লিমা বলেন, হত্যার যে স্বীকারোক্তি দোতার্তে দিয়েছেন তাতে তাকে অভিশংসন করার পট প্রস্তুত হয়েছে।
বৃহস্পতিবার সিএনএন কে লিমা বলেন, “একাজ জনমানুষের বিশ্বাস ভঙ্গের সামিল এবং এটি বড় ধরনের অপরাধ। কারণ, গণহারে হত্যা বড় ধরনের অপরাধের পর্যায়েই পড়ে। সংবিধানের আওতায় এ ধরনের অপরাধের জন্য অভিশংসন করা যায়।”
সিনেটের বিচারবিভাগীয় কমিটির প্রধান আরেক সিনেটর রিচার্ড গর্ডনও বলেছেন, দোতার্তে বিতর্কিত কথা বলে অভিশংসনের পট প্রস্তুত করেছেন। এখন আইনি প্রক্রিয়ায় অগ্রসর হয়ে তাকে অভিশংসন করা উচিত বলেই সাংবাদিকদের জানান তিনি।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দোতার্তে। এরপর থেকে ফিলিপিন্স পুলিশ বিনাবিচারে প্রায় ছয় হাজার মানুষকে হত্যা করেছে। যা নিয়ে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
যদিও মাদক নির্মূলে নিজের এই কৌশল নিয়ে দোতার্তের মধ্যে তেমন কোনও খেদ নেই। বরং একবার তিনি বলেছিলেন, “হিটলার ৩০ লাখ ইহুদিকে হত্যা করেছেন…. আমাদের এখানে ৩০ লাখ মাদকাসক্ত রয়েছে। তাদের হত্যা করতে পারলে আমি খুশিই হব।”
