২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদে পড়া ট্রাম্প টানছেন বিল ক্লিনটনকে

ভোটের মাত্র এক মাস আগে নারীদের নিয়ে অশ্লীল বক্তব‌্য প্রকাশ হয়ে পড়ায় প্রতিপক্ষ শিবির তো বটেই নিজের দলেই সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 01:08 AM

Updated : 20 Aug 2022, 01:53 PM

ক্ষমা চেয়েও অবস্থার কোনো বদল না হওয়ায় এখন প্রতিদ্বন্দ্বী ডেমক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের স্বামী বিল ক্লিনটনকে আক্রমণের লক্ষ‌্যবস্তু বানাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এই রিপাবলিকান প্রার্থী।

গত শুক্রবার ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের নারীদের নিয়ে কদর্য বক্তব‌্য সংবলিত অডিও টেপটি প্রকাশের পর ব‌্যাপক শোরগোল ওঠে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষমা চাইলেও হিলারির স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে আক্রমণ করতে ছাড়েননি ট্রাম্প। তার ভাষায়, গলফ কোর্টে ব‌্যক্তিগত আলাপে এর চেয়েও খারাপ কথা বলেন বিল ক্নিনটন।

স্ত্রী মেলানিয়া স্বামী ট্রাম্পের এক যুগ আগে করা ওই বক্তব‌্য সমর্থন না করলেও তাকে ক্ষমা করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাতে ট্রাম্পের পক্ষে না থাকার ঘোষণা দেওয়া রিপাবলিকান নেতাদের মিছিল থামেনি।

এই বিরূপ পরিস্থিতির মধ‌্যে হিলারির সঙ্গে রোববার দ্বিতীয় বিতর্কে হাজির হওয়ার আগে ট্রাম্প তাই প্রতিদ্বন্দ্বীর স্বামীকে আক্রমণ করে নিজের উপর চাপ কমাতে চাইছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Image
বিল ক্লিনটনও এখন ট্রাম্পের আক্রমণের লক্ষ‌্যবস্তু

বিল ক্লিনটনও এখন ট্রাম্পের আক্রমণের লক্ষ‌্যবস্তু

শনিবার নিজের টুইটার একাউন্টে বিল ক্লিনটনের বিরুদ্ধে জুয়ানিতা ব্রডরিকের একটি সাক্ষাৎকারের ভিডিও লিংক শেয়ার করেছেন, যিনি বিল ক্লিনটনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচিত হয়েছিলেন।

দেড় দশক আগে জুয়ানিতা এই অভিযোগ আনার পর বিল ক্লিনটন সরাসরি অস্বীকার করেছিলেন। ২০০১ সালে আদালতও জুয়েনিতার অভিযোগটি নাকচ করে দেয়।

আদালতে মীমাংসিত ওই বিষয়টি এত বছর পর আবার আলোচনায় আনতে চাইছেন নির্বাচনী প্রচারে আক্ষরিক অর্থেই খাদে পড়া ট্রাম্প।

ব‌্যাপক বিরোধিতা পেরিয়ে দলীয় সমর্থন বাগিয়ে নেওয়া সত্তরোর্ধ্ব ধনকুবের ট্রাম্প রিপালিকানদের মধ‌্যে এখন যারা তার বিরোধিতা করছেন, তাদেরও এক হাত নিয়েছেন।

বিরোধিতাকারী রিপাবলিকানদের বাদ দিয়েই নিজের ব‌্যাপক সমর্থন রয়েছে বলে এক টুইটে এখনও দাবি করেছেন তিনি।

Image
এখনই সবচেয়ে বিরূপ অবস্থা সামাল দিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে

এখনই সবচেয়ে বিরূপ অবস্থা সামাল দিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে

“অনেক আত্মম্ভরী ভণ্ড, তাদের ভোটের হিসাব দেখুন, গোল্লায় যাক তারা”- টুইট করেছেন ট্রাম্প, যার উদ্দেশ‌্য নিজের দলের বিরোধিতাকারী নেতারা।

ইতোমধ‌্যে তিন ডজনের মতো রিপাবলিকান নেতা ট্রাম্পকে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই সংখ‌্যা আরও বাড়ছে।

এই তালিকায় নতুন যোগ হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম‌্যাককেইন, ক‌্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার।

ম‌্যাককেইন বলেছেন, এটা ঠিক যে দলের নিয়ম অনুযায়ী সর্বাধিক সংখ‌্যক প্রতিনিধির সমর্থন নিয়ে ট্রাম্প মনোনয়ন পেয়েছেন। কিন্তু এই সপ্তাহে যা দেখলাম, তারপর তার প্রতি আর সমর্থন রাখা যায় না।

এর মধ‌্যেও নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে ঠিকই পাশে পাচ্ছেন ট্রাম্প, যদিও জুলিয়ানির মেয়ে বিরোধিতা করছেন রিপাবলিকান প্রার্থীর।

ট্রাম্পের ক্ষমা চাওয়াকে যথেষ্ট মনে করছেন জুলিয়ানি, তবে এই সংখ‌্যা রিপাবলিকান দলেও এখন খুবই কম।

পুরনো খবর:

অডিও টেপ ফাঁস: বড় সঙ্কটে ট্রাম্প
কোনোভাবেই সরবো না: ট্রাম্প
আরও কয়েকজন রিপাবলিকান নেতার সমর্থন হারালেন ট্রাম্প
হিলারি-ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক, সঙ্কটে ট্রাম্প