২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও কয়েকজন রিপাবলিকান নেতার সমর্থন হারালেন ট্রাম্প

নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অডিও টেপ ফাঁস হওয়ার পর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের আরও কয়েকজন সিনিয়র নেতা প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 06:33 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

শনিবার বিবিসি’র খবরে বলা হয়, রিপাবলিকান দলের এক ডজনেরও বেশি নেতা ট্রাম্পের উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন।

শুক্রবার ওয়াশিংটন পোস্ট ২০০৫ সালে ট্রাম্পের সঙ্গে এনবিসি টিভির উপস্থাপক বিলি বাশের একটি কথপোকথন ফাঁস করে।

যেখানে ট্রাম্পকে বলতে শোনা যায়, তুমি যদি তারকা হও, তবে ‘মেয়েদের নিয়ে যা কিছু করতে পার’।

ওই কথপোকথনে বিবাহিত এক অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে উদগ্র আগ্রহের কথাও বলতে শোনা যায় ট্রাম্পকে, যিনি বর্তমানে তৃতীয় স্ত্রী মেলানিয়াকে নিয়ে ঘর করছেন।

অডিও টেপ প্রকাশের পরপরই কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান, উটাহ রাজ্যের রিপাবলিকান গভর্নর গারি হারভার্ট, রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম‌্যান রেইন্স প্রেইবাস এবং সিনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল ট্রাম্পের ব্যাপক সমালোচনা করে নারীদের কাছে তাকে ক্ষমা চাইতে বলেন।

পরে এক ভিডিও বার্তায় ট্রাম্প তার এক যুগ আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে সেইসঙ্গে স্পষ্ট করে বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না।

টুইটারে ট্রাম্প বলেন, “আমার সরে দাঁড়ানোর সম্ভাবনা শূন্য। কারণ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমি অবিশ্বাস্য সমর্থন পেয়েছি।”

“গণমাধ্যম এবং কর্তৃপক্ষ আমাকে খুব খারাপভাবে নির্বাচনী দৌড় থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে।”

রিপালিকান দলের অন্য যেসব নেতা ট্রাম্পের উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন তারা হলেন, দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলিৎসা রাইস ও নিউ হ্যাম্পশায়ারের সিনেটর কেলি আয়ত্তে।

ম্যাককেইন বলেন, “এমনকি পরিস্থিতি যদি ট্রাম্পের প্রার্থিতার পক্ষেও থাকে তারপরও তিনি যে মন্তব্য করেছেন তাতে তার উপর সমর্থন ধরে রাখা অসম্ভব।”

রাইস বলেন, “যথেষ্ট হয়েছে! ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিৎ না। তার সরে দাঁড়ানো উচিত।”

এক বিবৃতিতে কেলি বলেন, “আমি এমন একজনকে সমর্থন করতে পারি না এবং করবও না, যিনি দম্ভের সঙ্গে নারীদের অবমাননা করেন এবং নীপিড়ন করেন।”

“আমি হিলারি ক্লিন্টনকেও ভোট দেব না। বরং সেখানে মাইক পেন্সের নাম লিখে আসব।”

আরও বেশ কয়েকজন রিপাবলিকান নেতা পেন্সকে ভোট দেওয়ার কথা বলেছেন।

এ বিষয়ে শনিবার ট্রাম্পের স্ত্রী মেলানিয়া এক বিবৃতিতে বলেন, “আমার স্বামী যে শব্দ ব্যবহার করেছেন সেটা আমার কাছে অগ্রহণযোগ্য ও আক্রমণাত্মক। আমি যে মানুষটাকে চিনি ওই মন্তব্যগুলো তার সঙ্গে মানায় না। তার একজন নেতা হওয়ার মত হৃদয় ও মন আছে। আমি আশা করি মানুষ তাকে ক্ষমা করবে, যেমন আমি করেছি এবং আমাদের দেশ ও বিশ্বকে অন্য যেসব গুরুত্বপূর্ণ বিষয় মোকাবেলা করতে হচ্ছে সেগুলোর দিকে মনযোগ দেবে।”

পুরনো খবর:

অডিও টেপ ফাঁস: বড় সঙ্কটে ট্রাম্প