২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অডিও টেপ ফাঁস: বড় সঙ্কটে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের একটি অডিও টেপ ফাঁস হয়েছে, যাতে নারীদের নিয়ে অবমাননাকর কথা বলতে শোনা গেছে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Oct 2016, 11:02 AM

Updated : 20 Aug 2022, 01:52 PM

ভোটের ঠিক এক মাস আগে এই অডিও টেপ ফাঁস রিপাবলিকান প্রার্থীকে বড় ধরনের সঙ্কটে ফেলল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় ভোটে ডেমক্রেটদের প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে জরিপে এখনও পিছিয়ে আছেন ট্রাম্প।

এখন নারীদের নিয়ে তার কদর্য বক্তব‌্য যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে হিলারির পথ আরও খুলে দিল বলে অনেকের ধারণা। কেননা এখন তার দলের নেতারাও তার কাছ থেকে দূরে থাকতে চাইছেন।

ধনকুবের ট্রাম্প প্রচারণার শুরু থেকে নানা বিতর্কিত বক্তব‌্য দিয়ে আসছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারিকে নিয়ে তার বক্তব‌্য কয়েকবার শ্লীলতার সীমা ছাড়িয়ে যাওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

শুক্রবার ওয়াশিংটন পোস্ট ২০০৫ সালে ট্রাম্পের সঙ্গে এনবিসি টিভির উপস্থাপক বিলি বাশের সঙ্গে একটি কথপোকথন ফাঁস করে, যাবে বোম ফাটানোর সঙ্গে তুলনা করা হচ্ছে।

ওই অডিও টেপে ট্রাম্পকে বলতে শোনা যায়, তুমি যদি তারকা হও, তবে ‘মেয়েদের নিয়ে যা কিছু করতে পার’।

ওই কথপোকথনে বিবাহিত এক অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে উদগ্র আগ্রহের কথাও বলতে শোনা যায় ট্রাম্পকে, যিনি বর্তমানে তৃতীয় স্ত্রী মেলানিয়াকে নিয়ে ঘর করছেন।

Image
ডোনাল্ড ট্রাম্প- ছবি : রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প- ছবি : রয়টার্স

মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের পেতে তার বাসনার কথাও খোলামেলাভাবে বলছিলেন।

এই অডিও ফাঁসের পর ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেছেন, তিনি শনিবার ট্রাম্পের সঙ্গে উইসকনসিনের নির্বাচনী সমাবেশে আর যাচ্ছেন না।

উটাহ রাজ‌্যের রিপাবলিকান গভর্নর গারি হারভার্ট তো বলেই দিয়েছেন, এরপর তিনি আর ট্রাম্পকে ভোট দেবেন না, চাইবেনও না।

রিপাবলিকান ন‌্যাশনাল কমিটির চেয়ারম‌্যান রেইন্স প্রেইবাস বলেন, “এখানে যেভাবে বলা হচ্ছিল, কোনো নারীকে নিয়ে এভাবে বলা যায় না, কখনও না।”

সিনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম‌্যাককনেল বলেছেন, “ট্রাম্পের ক্ষমা চাইতে হবে, সরাসরি, সব নারীদের এবং সব মেয়েদের কাছে।”

রিপাবলিকান দলে প্রার্থী হতে ব‌্যাপক বিরোধিতার মুখে পড়েছিলেন সত্তরোর্ধ্ব ব‌্যবসায়ী ট্রাম্প। কিন্তু সব বাধা পেরিয়ে তিনি মনোনয়ন নিশ্চিত করেন।

অডিও ফাঁসে নতুন করে বিতর্কে পড়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওটি ছিল একান্তই একটি ব‌্যক্তিগত আলাপ এবং তা হয়েছিল বহু বছর আগে।

বিবৃতিতে ট্রাম্প বলেছেন, বিল ক্লিনটন (হিলারির স্বামী) ‘এর চেয়েও খারাপ কথা বলেন, যখন গলফ কোর্টে থাকেন’।

পরে এক ভিডিও বার্তায় ট্রাম্প তার এক যুগ আগের মন্তব‌্যের জন‌্য ক্ষমা চেয়ে বলেন, তিনি যা বলেছিলেন, তিনি আসলে ওই রকম মানুষ নন।