হিলারি-ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক, সঙ্কটে ট্রাম্প
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র মাসখানেক বাকি। এর আগে দ্বিতীয়বারের মত প্রেসিডেন্সিয়াল বিতর্কে একে অপরের মুখোমুখি হচ্ছেন প্রধান দুই দল ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প।
তার আগেই নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যে নতুন করে বিতর্কে জড়িয়ে সঙ্কটে পড়েছেন ট্রাম্প। নিজ দলের বহু নেতার সমর্থন এরই মধ্যে হারিয়েছেন তিনি। আর এখন বিতর্কে নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে প্রমাণ করার জন্য তার ওপর ঘোরতর চাপ থাকছে বলেই মনে করা হচ্ছে।
দুই প্রার্থীই এর আগে প্রথম মুখোমুখি বিতর্ক করেছিলেন। তাতে জয়ী হন হিলারি। রোববার দ্বিতীয় মুখোমুখি বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে।
এবার ট্রাম্প জিততে না পারলে তার জনপ্রিয়তা আরও কমবে। তার বেফাঁস মন্তব্যের জন্য যে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে তা তাকে থামাতে হবে। বিতর্কে হিলারির আক্রমণাত্মক বক্তব্য খন্ডন করাই কেবল নয়, ট্রাম্পকে যুক্তি দিয়ে বোঝাতে হবে কেন তিনি হিলারির চেয়ে বেশি ভাল প্রার্থী। আর সেই সঙ্গে রিপাবলিকানদের সমর্থন নিজের পক্ষে ফেরানোর জন্য তাকে ক্ষমাশীলতাও দেখাতে হবে।
সব মিলিয়ে ট্রাম্পকে প্রচন্ড চাপ এবং বড় ধরনের সঙ্কটের মোকাবেলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবারের রয়টার্স/ইপসোস জরিপের ফলে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ৫ পয়েন্টে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এদিন ট্রাম্পের নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের ভিডিও প্রকাশ হয়নি।
কিন্তু এখন ভিডিওটি প্রকাশের পর ট্রাম্পের প্রেসিডেন্ট পদের দৌড়েরই অবসান ঘটতে চলেছে কিনা সে প্রশ্ন সৃষ্টি হয়েছে। ট্রাম্পের নতুন এই বিতর্কিত মন্তব্যের ফলে হিলারি এবং ট্রাম্পের দ্বিতীয় বিতর্কর ফল কোন দিকে যাবে তা আঁচ করা যাচ্ছে না। নির্বাচনের আগে এটি নিয়ে মোট তিনটি বিতর্ক করতে হবে দুই প্রার্থীকে।
ধনকুবের ট্রাম্প নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নানা বিতর্কিত মন্তব্য করে এসেছেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী হিলারিকে নিয়ে তার বক্তব্য কয়েকবার সীমা ছাড়িয়ে যাওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।
গত শুক্রবার ওয়াশিংটন পোস্ট ২০০৫ সালে ট্রাম্পের সঙ্গে এনবিসি টিভির উপস্থাপক বিলি বাশের একটি কথোপকথন ফাঁস করে। ওই অডিও টেপে ট্রাম্পকে বলতে শোনা যায়, তুমি যদি তারকা হও, তবে ‘মেয়েদের নিয়ে যা কিছু করতে পার’।
কথোপকথনে বিবাহিত এক অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে উদগ্র আগ্রহের কথাও বলতে শোনা যায় ট্রাম্পকে, যিনি বর্তমানে তৃতীয় স্ত্রী মেলানিয়াকে নিয়ে ঘর করছেন। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের পেতে তার বাসনার কথাও খোলামেলাভাবে বলেছেন। এই টেপ ফাঁসের পর ট্রাম্পের রিপাবলিকান পার্টিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন একডজনেরও বেশি রিপাবলিকান নেতা।
