উৎসবের রং হারাল শোকের ছায়ায়
বাস্তিল দিবসের উৎসবে আতশবাজির প্রদর্শনী উপভোগের পর হাজারো মানুষ যখন সাংস্কৃতিক পরিবেশনার অপেক্ষায় এমন সময় দ্রুত গতির একটি ট্রাক জনতার ওপর ওঠে কেড়ে নিল ৮৪ প্রাণ।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ, যাদের ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
হামলায় নিহতদের স্মরণে শনিবার থেকে তিনদিন জাতীয় শোক ঘোষণা করেছে ফ্রান্স। এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় বাস্তিল দিবসের আতশবাজি উৎসব বাতিল করেছে ফ্রান্সের মার্সেই শহর কর্তৃপক্ষ।
হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও ১৯ জুলাই পর্যন্ত তার দেশের সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
হামলার পর এক পর্যায়ে রাতেই ওই ট্রাক চালককে গুলি করে হত্যা করে পুলিশ। তিউনিসীয় বংশোদ্ভূত মোহামেদ ল্যউইজ বুলেল এই হামলা চালান বলে ফ্রান্সের পাবলিক প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিয়েঁ জানিয়েছেন।
তিনি বলেন, নিসের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে সেই ভিড়ের মধ্যে দিয়ে বুলেল ২৫ টনি ওই ট্রাক প্রায় দুই কিলোমিটার রাস্তা চালিয়ে যান। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে তিনি পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিলেন।
বৈরুতে ফরাসি দূতাবাসে শোক।
নিস শহরে হামলাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ বছর বয়সী বুলেল তিন সন্তানের বাবা। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল তার। তার সাবেক স্ত্রীকে আটক করা হয়েছে।
ডেলিভারি ট্রাক চালক বুলেলের মধ্যে কখনও ‘মৌলবাদী লক্ষণ’ দেখা যায়নি এবং তিনি গোয়েন্দাদের কাছে ‘একেবারেই অপরিচিত’ ছিলেন বলে প্রসিকিউটর মলিয়েঁ জানিয়েছেন।
নিস শহরে যে অ্যাপার্টমেন্টে বুলেল থাকতেন সেখানকার বাসিন্দারা বলছেন, একা থাকতেন বুলেল। ‘হ্যালো’ বললেও জবাব দিতেন না তিনি।
গত নভেম্বরে প্যারিসে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় ১৩০ জন নিহত হওয়ার আট মাসের মাথায় ফ্রান্সজুড়ে জরুরি অবস্থার মধ্যেই এই হামলা হল।
কোনো জঙ্গিগোষ্ঠী প্রাথমিকভাবে হামলার দায় স্বীকার না করলেও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ একে সন্ত্রাসী হামলা বলেছেন।
ফ্রান্স এখন ‘ইসলামী সন্ত্রাসবাদের হুমকির মুখে’ মন্তব্য করে তিনি বলেছেন, “এর বিরুদ্ধে লড়তে সম্ভব সব কিছুই আমাদের করতে হবে।”
সাড়ে তিন লাখ অধিবাসীর শহর নিস পর্যটন ও জাঁকজমকপূর্ণ রিসোর্টের জন্য বিখ্যাত। সম্প্রতি এ শহরের বেশ কয়েকজন মুসলিম অধিবাসী ইউরোপের অন্য দেশ হয়ে সিরিয়া গেছেন বলে গোয়েন্দাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।
“এই জায়গা এবং বাস্তিল দিবস, কোনটাই কাকতালীয় নয়”, ফ্রান্স ইনফোকে বলেন সাবেক ফরাসি গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষক ক্ল মনিক।
১৭৮৯ সালে ফরাসী বিপ্লবের সময় বাস্তিল দুর্গের পতনের বার্ষিকীতে প্রতি ১৪ জুলাই জাতীয় দিবস পালন করে দেশটি। বাস্তিল দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট অলন্দ গত আট মাস ধরে জরুরি অবস্থা বজায় রাখার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন এবং দুই সপ্তাহের মধ্যে জরুরি অবস্থা তুলে নেয়ার ইঙ্গিত দেন।
কিন্তু নিস শহরে হামলার পর এক সংবাদ সম্মেলনে তিনি জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত পৌনে ১১টায় আতশবাজির প্রদর্শনী শেষে সঙ্গীত অনুষ্ঠান শুরু হচ্ছে এমন সময় এ হামলা হয়।
ঘটনার সময় পাশে দাঁড়িয়ে থাকা এক রেস্তোরাঁ মালিক জানিয়েছেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা: “আমি দেখছিলাম মানুষ দৌড়াচ্ছে। তারপর ট্রাকটি থেমে গেল। আমরা মাত্র পাঁচ মিটার দূরে ছিলাম। এক নারীকে দেখলাম তার সন্তানকে খুঁজছে। তার ছেলে মাটিতে পড়ে আছে, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে।”
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ফ্রান্স ইনফোকে বলেন, তিনি গুলির শব্দও শুনেছেন। প্রথমে আতশবাজির শব্দ মনে করলেও পরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনিও অন্যদের মত নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকেন।
স্থানীয় বিএফএম টিভিকে আরেকজন বলেন, ঘটনার পর সবাই ‘রান রান’ বলে চিৎকার করছিল।
“সবাই চিৎকার করছিল আর বলছিল হামলা হয়েছে। আমরা গুলির শব্দও শুনি। তবে ভেবেছিলাম সেগুলো আতশবাজির শব্দ, কারণ আজ ১৪ জুলাই।”
রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ
“লরিটি যখন আমার পাশ দিয়ে চলে যায় ১০ বছরের বা তার কাছাকাছি বয়সের একটি বালক কোনো রকমে একপাশে চলে আসে এবং মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায়। দুর্ভাগ্যজনকভাবে কয়েক ডজন পথচারী, তরুণ ও বয়স্ক ব্যক্তি তার মতো সৌভাগ্যবান ছিলেন না। প্রকৃত অর্থে প্রমেনেদ আমি যাদের দেখেছি, তারা হয়তো মৃত অথবা গুরুতর জখম নিয়ে সাহায্যপ্রার্থী ছিলেন।”
নাদের আল-শফি নামে একজন বিবিসিকে বলেন, মিনিটখানেকের জন্য হামলাকারী চালকের মুখোমুখি হয়েছিলেন তিনি।
“সে খুব বিচলিত ছিল...চারপাশে কিছু খুঁজছিল। আমি তার দিকে তাকিয়ে চিৎকার করছিলাম এবং হাত নেড়ে থামতে বলছিলাম। সে তার অস্ত্র তুলে নেয় এবং পুলিশের দিকে গুলি ছুড়তে শুরু করে।”
ওই চালক লরিতে বিস্ফোরণ ঘটাতে পারে শঙ্কায় অন্যদের সঙ্গে সমুদ্র তীরে ছুটে যান তিনি। এরপর পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।
নিস মাতাঁ নামের একটি স্থানীয় পত্রিকার এক সাংবাদিক বিবিসিকে জানান, পুরো এলাকা রক্তে একাকার হয়ে গেছে।
ইউটিউবে আসা একটি ভিডিওতে দেখা যায়, চারদিকে উচ্চ লয়ের বাজনা আর উৎসবের আমেজের মধ্যে সাদা রঙের ভারী ওই ট্রাক হঠাৎ দ্রুত গতিতে এসে জনতার ওপর উঠে পড়ে। আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রাকের গতি কমে এসেছে এবং পুলিশ সেটি থামানোর চেষ্টা করছে।
হতাহত কারা?
হামলার সময় প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে প্রায় ৩০ হাজার মানুষ ছিলেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নিহতদের মধ্যে পর্যটক ও নিসের বাসিন্দারা রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই নাগরিক- একজন বাবা ও ১১ বছরের ছেলে, একজন ইউক্রেনিয়ান, একজন রুশ ও একজন সুইস নারী রয়েছেন।
ফাতিমা চারিহি নামে নিহত এক নারীর ছেলে বলেছেন, হামলায় তার মা-ই প্রথম মারা যান।
“তিনি সঠিক নিয়মে ইসলামের চর্চা করতেন। সত্যিকার ইসলাম, সন্ত্রাসীদের ইসলাম নয়।”
নিসের শিশু হাসপাতাল ফাউন্ডেশন লেনভাল কর্তৃপক্ষ বলছে, হামলায় আহত ৫০ জন শিশু-কিশোরকে চিকিৎসা দেন তারা। তাদের মধ্যে দুজন অস্ত্রোপচারের আগে বা পরে মারা গেছে।
এর আগে ইসরায়েল ও ইউরোপের কয়েকটি স্থানে গাড়ি নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও এত ব্যাপক হতাহতের ঘটনা আর ঘটেনি।
বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
নিস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনার পাশাপাশি ‘সন্ত্রাসবাদী হামলা’ রোধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন তারা।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইটে লিখেছেন, “নিসের এ ঘটনা দুঃখজনক ও স্ববিরোধী, কারণ মানুষ তখন সাম্য-মৈত্রী আর ভ্রাতৃত্বের দিবস উদযাপন করছিল।”
ফ্রান্সের পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, “সহিংসতা ও ঘৃণার বিরুদ্ধে হওয়া লড়াইয়ে ইউরোপ ঐক্যবদ্ধভাবে ফরাসি জনগণ ও তাদের সরকারের পাশে থাকবে।”
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল হামলার নিন্দা জানিয়ে বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকবে জার্মানি, থাকবে আরও অনেকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠে এই লড়াইয়ে আমরাই বিজয়ী হব।”
হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে ‘যে কোনো ধরনের সহায়তা’ দেওয়ার প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এক বিবৃতিতে তিনি বলেন, “মার্কিন জনগণের পক্ষ থেকে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ডজনের উপর সাধারণ জনগণকে হত্যা করার এ ঘটনা ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবেই প্রতীয়মান হচ্ছে।”
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার নিন্দা জানিয়ে ফ্রাঁসোয়া অলন্দের কাছে সহমর্মিতার বার্তা পাঠিয়েছেন বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।
হামলায় শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।
তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, “নিসের বেদনাদায়ক ঘটনায় দুঃখিত-স্তম্ভিত। জীবনের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”
সীমান্ত থেকে মাত্র ২২ মাইল দূরে নিস শহরে ভয়াবহ হামলার পর ইতালিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফেনো।
শুক্রবার টুইটারে তিনি ফ্রান্সের সঙ্গে যোগাযোগে ব্যবহৃত তিনটি সড়ক ও ভেন্তিমিগলিয়া রেলপথে টহল বাড়ানোর কথা জানান।
“আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট সব যন্ত্র কাজ শুরু করেছে”, বলেন আলফেনো।
