২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেক্সটেপ:  হোগানকে সাড়ে ১১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের তারকা রেসলার হাল্ক হোগানের একটি সেক্সটেপ প্রকাশ করে গাওকার ওয়েবসাইট তার ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করেছে বলে ঘোষণা দিয়েছে ফ্লোরিডার একটি আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Mar 2016, 02:48 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

শুক্রবার এ ঘোষণা দিয়ে হোগানকে ১১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

ছয় ঘণ্টা বিবেচনার পর এ রায় দেয় আদালত। রায়ে হোগান যে মানসিক নিপীড়ন ভোগ করেছেন তার জন্য ছয় কোটি ডলার এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য পাঁচ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। 

হোগানের আইনজীবী ডেভিড হিউস্টন বলেন, “যাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে এ জয় তাদের প্রত্যেকের।”

রায় ঘোষণার পর ৬২ বছর বয়সী রেসলিং আইকন জয়োল্লাসে চিৎকার দিয়ে ওঠেন এবং হিউস্টনকে জড়িয়ে ধরেন।

এই মামলাটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে খ্যাতিমানদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার বনাম সংবাদপত্রের স্বাধীনতা- এই ডিজিটাল যুগে কী হওয়া উচিত তার পরীক্ষা হয়ে ওঠায় সবার মনযোগ আকর্ষণ করে।   

গাওকারের আইনজীবী বলেছিলেন, হারলে ওয়েবসাইটটিকে ব্যবসা ছাড়তে হতে পারে।

মামলায় হেরে যাওয়ার পর গাওকারের প্রকাশক নিক ডেন্টন জানিয়েছেন, তারা আপিল করবেন।

এক বিবৃতিতে ডেন্টন বলেছেন, “আমরা সবাই জানি এই মামলাটির নিষ্পত্তি করার জন্য আপিল আদালতের প্রয়োজন হবে। আপিলের বিষয়ে আমরা আশাবাদী। আমরা ইতিমধ্যে এর প্রস্তুতিও শুরু করে দিয়েছি। শেষ পর্যন্ত মামলায় জয় পাওয়ার আশা করছি আমরা।”

সোমবার মামলার শাস্তি হিসেবে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়গুলো বিবেচিত হওয়ার পর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেবে আদালত।

হোগান নামে পরিচিত টেরি বোলেয়ারের ওই সেক্সটেপটি এডিট করে ২০১২ সালে অনলাইনে পোস্ট করে গুজব ও গণমাধ্যম প্রতিবেদনের জন্য পরিচিত নিউইয়র্কভিত্তিক গাওকার। এর জন্য ক্ষতিপূরণ হিসেবে ১০০ মিলিয়ন ডলার দাবি করে মামলা করেছিলেন টেরি বোলেয়া ওরফে হাল্ক হোগান।