সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার ‘জবাব’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞার ভোটাভুটি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাগরে স্বল্পপাল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি।
বুধবার নিরাপত্তা পরিষদ সদস্যদের সর্বসম্মতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে দেশটির একজন মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান থেকে স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।
কী ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা তারা নির্ধারণের চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি। নিক্ষিপ্ত সবগুলো বস্তুই সাগরে পড়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু পরীক্ষা ও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র চীনের মধ্যে সাত সপ্তাহ ধরে আলোচনা চলার পর নিরাপত্তা পরিষদের মাধ্যমে নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হল।
