২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তিনজনকে গুলি করে হত্যার পর বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের কানসাসের এক কারখানায় তিনজনকে গুলি করে হত্যার পর ওই কারখানার এক কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।    

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 09:58 AM

Updated : 20 Aug 2022, 11:58 AM

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে হার্ভে কাউন্টির হেস্টনে ঘাস কাটার যন্ত্র তৈরির ওই কারখানায় এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে রয়টার্সের খবর।

হার্ভে কাউন্টির শেরিফ টি ওয়াল্টন জানান, সেডরিক ফোর্ড নামের ৩৮ বছর বয়সী ওই বন্দুকধারী কারখানায় ঢোকার আগে তিনবার গুলি ছোড়েন।

প্রথম ঘটনায় নিউটন এলাকায় ট্রাক চালানোর সময় এক ব্যক্তির কাঁধে গুলি  লাগে। সেখান থেকে এক্সেল ইন্ডাস্ট্রিজে যাওয়ার পথে এক পথচারীর পায়ে গুলি করেন সেই বন্দুকধারী। এরপর কারখানায় ঢুকে পার্কিং এলাকায় গুলি চালান।

শেরিফ জানান, পার্কিং লট থেকে কারখানায় ঢোকার পর নির্বিচার গুলি চালাতে থাকেন ওই ব্যক্তি। পরে তিনি পুলিশের গুলিতে নিহত হন। 

ওয়াল্টন বলেন, ‘এখানে যা ঘটে গেছে তা ভয়ঙ্কর।”

সপ্তাহখানেক আগে মিশিগানে এক ট্যাক্সিচালক তার গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ছয়জনকে গুলি চালিয়ে হত্যা করে। এ ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি জোরের সঙ্গে আলোচিত হচ্ছে।  

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।