এমডি নারী হলে ব্যবসা ‘ভালো চলে’
নারী নেতৃত্বাধীন কোম্পানিগুলো বেশি মুনাফা অর্জন করছে বলে সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশে পরিচালিত একটি জরিপে উঠে এসেছে।
ওয়াশিংটন ভিত্তিক অর্থনৈতিক নজরদারি সংস্থা ‘পিটারসন ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকনোমিক্স’ ৯১টি দেশের ২১ হাজার ৯৮০টি ব্যক্তিমালিকানাধীন কোম্পানিতে জরিপ চালায়।
‘নারী নেতৃত্বাধীন কোম্পানি কেমন করছে’ শীর্ষক এ জরিপে চমকপ্রদ এ তথ্য উঠে আসে।
জরিপে দেখা যায়, একই ধরনের কোম্পানির ক্ষেত্রে পুরুষের তুলনায় নারী নেতৃত্বাধীন কোম্পানিগুলো আয় বেশি করছে এবং বছর শেষে তাদের মুনাফা বেশি।
এছাড়া, যেসব কোম্পানির পরিচালনা পর্ষদে নারীর সংখ্যা বেশি সেগুলোও তুলনামূলকভাবে ভাল করছে।
সোমবার জরিপের ফল প্রকাশ করা হয়। যদিও বড় বড় কোম্পানিগুলোর শীর্ষ পদে এখনও নারী উপস্থিতি খুব কম।
জরিপে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৬০ শতাংশ ক্ষেত্রেই নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের মত উচ্চ পদে কোনো নারী নেই।
পিটারসন ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকনোমিক্সের ভাইস প্রেসিডেন্ট মারকাস নোল্যান্ড বলেন, “উচ্চ পদে নারীদের ভূমিকা অসাধারণ। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করে।”
