২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী সামলাতে হিমশিম বলকান রাষ্ট্রগুলো

প্রতিদিন বিপুল সংখ্যক শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বলকান রাষ্ট্রগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 06:28 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

এ রাষ্ট্রগুলোর মধ্য দিয়ে পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টায় থাকা শরণার্থীদের রুটগুলো একে একে বন্ধ হতে থাকায় তাদের মধ্যে উত্তেজনাও বাড়ছে।

শরণার্থীর ঢল আটকাতে স্লোভেনিয়া সেদেশে দৈনিক শরণার্থী প্রবেশের সীমা বেঁধে দেয়ায় রোববার ঠান্ডা এবং বৃষ্টির মধ্যে রাত কাটিয়েছে বহু শরণার্থী।

এদিন ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ায় বিপুল সংখ্যক শরণার্থী প্রবেশের পর দেশটি শরণার্থী নেয়ার সংখ্যা সীমিত করে দিয়েছে এবং ক্রোয়েশিয়াকেও সার্বিয়া থেকে শরণার্থীর প্রবেশ কমানোর জন্য চাপ দিচ্ছে।

কয়েকদিনের মধ্যেই ক্রোয়েশিয়ায় আর শরণার্থীদেরকে ঠাঁই দেয়ার জায়গা থাকবে না বলে বিবিসি কে জানিয়েছেন এক কর্মকর্তা।

ক্রোয়েশিয়া প্রতিবেশী দেশ স্লোভেনিয়াকে প্রতিদিন ৫ হাজার করে শরণার্থী নেয়ার অনুরোধ জানালেও দেশটি দৈনিক মাত্র ২ হাজার ৫০০ শরণার্থী নিতে পারবে বলে জানায়।

সার্বিয়া-ক্রোয়েশিয়া সীমান্ত থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র মেলিতা সানজিক বলেন, “এ স্রোত অনেকটা বড় নদীর মত। এ স্রোত বন্ধ করলে কোথাও না কোথাও বন্যা হবে। যা এখন হচ্ছে।”

সার্বিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে অবনতিশীল পরিস্থিতির মধ্যে আটকা পড়ে আছে প্রায় ২ হাজার শরণার্থী। ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তেও মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে শরণার্থীরা।

খোলা আকাশের নিচে ঠান্ডা আর বৃষ্টির দুর্ভোগের মধ্যে রাত কাটানো শরণার্থীরা সকালে ক্ষুব্ধ হয়ে গেট খুলে দেয়ার জন্য চেঁচামেচি শুরু করে। কিন্তু ক্রোয়েশিয়া পুলিশ তাদেরকে আটকাতে সোমবার বেষ্টনি দিয়ে রেখেছে।

হাঙ্গেরি গত শুক্রবার ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধ করে দেয়ার পর স্লোভেনিয়ায় প্রবেশ করে বিপুল সংখ্যক শরণার্থী।

সিরিয়া, আফ্রিকা এবং আফগানিস্তান থেকে হাজার হাজার আশ্রয়প্রার্থী এ বলকান রাষ্ট্রগুলো হয়ে অস্ট্রিয়া, জার্মানি ও অন্যান্য ইইউ দেশে যেতে চাইছে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে হাঙ্গেরি সার্বিয়া এবং ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধ করার পর শরণার্থীরা বাধ্য হয়ে স্লোভেনিয়া দিয়ে ইইউ দেশগুলোতে যাওয়ার চেষ্টা শুরু করেছে।

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, “স্লোভেনিয়া প্রথমে দৈনিক ৮ হাজার শরণার্থী নিতে পারবে বললেও পরে বলেছে ৫ হাজার এবং তারও পরে বলেছে, ২ হাজার ৫০০ শরণার্থী নিতে পারবে। আর এখন তারা এ সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনছে। তাদের এ পদক্ষেপে শরণার্থীর সমস্ত বোঝাই রয়ে যাচ্ছে ক্রোয়েশিয়ার ওপর।”