২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ব্যবস্থাপনা ‘পর্যালোচনা’ করবে সৌদি আরব

মিনায় পদদলিত হয়ে সাতশ’র বেশি হাজির মৃত্যুর পর হজ ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়গুলো  পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 02:09 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

অবহেলার অভিযোগ সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে
মিনায় পদদলনের ঘটনায় পোপের শোক
মিনায় পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৭১৭
মিনায় পদদলন: হতাহতের তালিকায় বাংলাদেশি
হজ ট্র্যাজেডি: ৪০ বছরে চার হাজার মৃত্যু
মিনায় প্রাণহানি: বাংলাদেশ দূতাবাসের হটলাইন

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল-আজিজ আল সউদ এ দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।  

হজের আনুষ্ঠানিকতার মধ্যে বৃহস্পতিবার সকালে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের এ ঘটনায় নিহত হন ৭১৭ জন, আহত হন আরও অন্তত ৮৬৩ জন।

এ ঘটনাকে হজের ইতিহাসে গত ২৫ বছরের মধ্যে ‘সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা’ বলেছে সৌদি সরকার। মাত্র ১২ দিন আগে হজ মৌসুমের শুরুতে মক্কার মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে ১১৭ জনের মৃত্যু হয়।

বিশ্বের ১৫০টি দেশের ২০ লাখের বেশি মুসলমান এবার হজ করছেন, যাদের মধ্যে এক লাখের বেশি বাংলাদেশিও রয়েছেন।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, মিনার ঘটনার পর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আশিকসহ দেশটির রাজপুত্র, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বাদশাহ। তারপরই হজ ব্যবস্থাপনা পর্যালোচনার ঘোষণা আসে।  

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হাজিদের চলাচল ও হজের পুরো অনুষ্ঠান ব্যবস্থাপনায় পরিবর্তন আনা জরুরি হয়ে উঠেছে বলে বৈঠকে মন্তব্য করেন সৌদি বাদশাহ।

এ ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিশন গঠন করেছে সৌদি সরকার।