২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনায় পদদলনের ঘটনায় পোপের শোক

হজের সময় মিনায় পদদলিত হয়ে সাতশ’র বেশি মুসলমানের মৃত্যুর ঘটনায় ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Sep 2015, 02:04 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বৃহস্পতিবার মিনায় হজের আনুষ্ঠানিকতার মধ্যে পদদলনের এ ঘটনায় অন্তত ৭১৭ জন নিহত হন, আহত হন আরও অন্তত ৮৬৩ জন।

নিউ ইয়র্কের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালে সান্ধ্যাকালীন প্রার্থনার সময় এ দুর্ঘটনার খবর পান পোপ। তাৎক্ষণিকভাবে তিনি বিশ্বব্যাপী শোকাহত মুসলিম সম্প্রদায়ের প্রতি ‘নৈকট্য’ প্রকাশ করেন।

তিনি বলেন, “ভয়াবহ এই শোকের সময় মক্কার দুর্ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন, তাদের জন্য অন্তরের গভীর থেকে শোক ও সহানুভূতি জানাচ্ছি।”

বিশ্বের ১৫০টি দেশের ২০ লাখের বেশি মুসলমান এবার হজ করেন, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা এক লাখের বেশি।

মিনায় শয়তানকে প্রতীকী পাথর ছোড়ার আনুষ্ঠানিকতা পালনের সময় বিপুল সংখ্যক মানুষের চাপে এর আগেও পদদলনের ঘটনা ঘটেছে। গত ৪০ বছরে হজের সময় রোগে ভুগে অথবা দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত চার হাজার মানুষের।

পুরনো খবর:

মিনায় পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৭১৭