২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজমানের পলায়ন: আরও ১৩ শীর্ষ কারা কর্মকর্তা আটক

মেক্সিকোর শীর্ষ মাদক চোরাকারবারি হোয়াকিন গুজমানের জেল থেকে পালানোর ঘটনায় জড়িত সন্দেহে দেশটির সাবেক এবং বর্তমান শীর্ষ কয়েকজন কারা কর্মকর্তাকে আটক করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 09:19 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

রাষ্ট্রপক্ষের আইনজীবীর ঘনিষ্ট একটি সুত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।

আটক ১৩ জনের মধ্যে মেক্সিকোর কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধানও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

জুলাইয়ে মেক্সিকো সিটির কাছে আল্টিপ্লানো কারাগার থেকে পালিয়ে যান ‘এল চাপো’ নামে পরিচিত গুজমান।

আল্টিপ্লানো কারাগারটি মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত কারাগার। এই কারাগারের সাবেক পরিচালককেও আটক করা হয়েছে।

গুজমানের কারাকক্ষে বসানো সিসিটিভি ক্যামেরায় তাকে সর্বশেষ কক্ষের গোসলের জায়গায় প্রবেশ করতে দেখা যায়। এরপরই সে উধাও হয়ে যায়।

পরে কর্তৃপক্ষ সেখানে একটি সুড়ঙ্গ মুখ খুঁজে পায়। কয়েক কিলোমিটার লম্বা ওই সুড়ঙ্গ পথ ধরেই গুজমান পালিয়ে গেছে বলে ধারণা করা হয়।

১১ জুলাই গুজমান পালিয়ে যাওয়ার পর কারাগারটির অন্তত সাত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

মেক্সিকোর অ্যাটোর্নি জেনারেলের কার্যালয় থেকে শুক্রবার নতুন করে আরও ১৩ জনকে আটকের খবর নিশ্চিত করা হয়েছে। তবে তাদের পরিচয় জানানো হয়নি।

এর আগেও একবার জেল থেকে পালিয়েছিল গুজমান।

জুলাইয়ে দ্বিতীয়বার পালানোর পর টুইটারে মেক্সিকো পুলিশকে বিদ্রুপ করার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোকে খাটো করে স্ট্যাটাস দেন তিনি।

প্রেসিডেন্ট নিয়েতো গুজমানের পালিয়ে যেতে যারা সাহায্য করেছে তাদের সবাইকে ‘সর্বোচ্চ আইনী সাজা’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

পুরনো খবর:

মাদক সম্রাট গুজমানকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ