আর শরণার্থী নেবে না ক্রোয়েশিয়া
কয়েক দশকের মধ্যে ইউরোপে ধেয়ে আসা শরণার্থীদের সবচেয়ে বড় স্রোতের পথ হিসেবে নিজেদের আবিষ্কার করার পর ক্রোয়েশিয়া জানিয়ে দিয়েছে, তারা আর কোনো শরণার্থীকে আশ্রয় দিতে পারবে না।
একথা বলার পাশাপাশি দেশটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতিকে চ্যালেঞ্জ করে শরণার্থীদের গ্রহণ করার একটি পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।
সার্বিয়া থেকে হাঙ্গেরি হয়ে শরণার্থীদের পশ্চিম ইউরোপে যাওয়ার মূল পথ বুধবার হাঙ্গেরি বন্ধ করে দেয়। এরপর থেকে প্রধানত মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসা এসব শরণার্থী ক্রোয়েশিয়ায় প্রবেশ করা শুরু করে।
শুক্রবার রাজধানী জাগ্রেবে এক সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ বলেছেন, “এই মানুষদের আর আশ্রয় ও নিবন্ধন করতে দিতে পারবো না আমরা।”
“তারা খাবার, পানি ও চিকিৎসা সহায়তা পাবে, তারপর তারা এগিয়ে যেতে পারবে। ক্রোয়েশিয়া অভিবাসীদের ‘হটস্পট’ হয়ে উঠবে না, ইইউকে এটি অবশ্যই জানতে হবে। আমাদের হৃদয় আছে, কিন্তু আমাদের মাথাও আছে।”
বুধবার সকালের মধ্যেই ১৭ হাজার শরণার্থী ক্রোয়েশিয়ায় প্রবেশ করে। এদের অনেকে কৃষিজমি পাড়ি দিয়ে ও পুলিশকে ফাঁকি দিয়ে এগিয়ে যায়। ইইউ-র কম সম্পদশালী একটি দেশের জন্য এটি বড় ধরনের চাপ হয়ে দাঁড়ায়।
শরণার্থী সঙ্কটকে কেন্দ্র করে ইইউভুক্ত ২৮টি দেশের মধ্যে ইতোমধ্যে মতভেদ ঘটেছে এবং শরণার্থীদের স্বেচ্ছা ভিত্তিতে ভাগাভাগি করে নেওয়ার ইইউর প্রস্তাবে সাড়া দেওয়ার বিষয়টি ঝুলে আছে।
চলতি বছরে এ পর্যন্ত রেকর্ড সংখ্যক চার লাখ ৭৩ হাজার ৮৮৭ জন শরণার্থী ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে প্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা। নিরাপদ ও উন্নত জীবনের আশায় ইউরোপে আসা এসব শরণার্থীদের অধিকাংশই গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার নাগরিক।
পশ্চিম ও উত্তর ইউরোপের ধনী দেশগুলো, বিশেষভাবে জার্মানিতে পৌঁছানোর জন্য এসব শরণার্থী ইউরোপের বলকান উপদ্বীপের ভিতর দিয়ে পায়ে হেঁটে রওয়ানা হয়।
কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিম ইউরোপের পথে ধেয়ে আসা শরণার্থীদের সবচেয়ে বড় এ স্রোতকে কীভাবে সামলানো হবে তার কোনো একক নীতি নির্ধারণ করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
