২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কা দুর্ঘটনা: নিহতের পরিবার ও পঙ্গুরা পাবেন ২ কোটি টাকা

হজ করতে মক্কায় গিয়ে ক্রেইন দুর্ঘটনায় যারা হতাহত হয়েছেন, তাদের পরিবার ও আহত প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকার বেশি) দেওয়া হবে। আর যারা ওই দুর্ঘটনায় স্থায়ী পঙ্গুত্বের মুখে পড়েছেন, তারাও পাবেন একই পরিমাণ অর্থ। আহতদের বাকি সবাইকে পাঁচ লাখ রিয়াল করে দেওয়া হবে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ মঙ্গলবার এক রাজকীয় ডিক্রিতে এই ক্ষতিপূরণের ঘোষণা দেন।

আদেশে তিনি জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের দুইজন করে সদস্য আগামী বছর বাদশাহর মেহমান হিসেবে হজ করার সুযোগ পাবেন।

আর যারা আহত হয়ে চলতি বছর হজ সম্পন্ন করতে পারছেন না, তারাও বাদশাহর মেহমান হিসেবে আগামী বছর হজ করতে পারবেন।  

আহত অবস্থায় যারা সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সঙ্গে দেখা করার জন্য স্বজনদের ভিজিট ভিসা দেওয়া হবে বলেও বাদশাহর আদেশে জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদ আল-হারামের সম্প্রসারণ কাজের জন্য রাখা একটি ক্রেন উল্টে ১১১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। ওই ঘটনায় আহত হন ২৩৮ জন, যাদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি।

পুরনো খবর:

মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে নিহতের সংখ্যা বেড়ে ১০৭
মক্কায় নিহতদের একজন বাংলাদেশি
দুর্ঘটনার জন্য ঝড়ো বাতাসকে দায়ী করেছে সৌদি কর্তৃপক্ষ
হজ ট্র্যাজেডি: ৪০ বছরে চার হাজার মৃত্যু