ব্যবসায় জালিয়াতিতে ট্রাম্পের দায় দেখছেন বিচারক
নিজের সম্পদের বিষয়ে বার বার শত কোটি ডলারের মিথ্যা তথ্য উপস্থাপন করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জালিয়াতি করেছেন, এমন কথা এসেছে নিউ ইয়র্কের একজন বিচারপতির কাছ থেকে। এক আদেশে ওই বিচারক বলেছেন, এভাবে ট্রাম্প বছরের পর বছর ধরে ব্যাংক ও বীমা কোম্পানির সঙ্গে প্রতারণা করে গেছেন।
ট্রাম্প ও তার পরিবারিক ব্যবসার বিরুদ্ধে করা একটি দেওয়ানি মামলায় মঙ্গলবার বিচার শুরুর এই আদেশ দেন বিচারপতি আর্থার এনগোরন। এই মামলায় হেরে গেলে নিশ্চিতভাবেই ওই রাজ্যে ট্রাম্পের ব্যবসায় বড় ধরনের বিঘ্ন ঘটবে। যদিও ট্রাম্প এবং বাকি বিবাদীরা কোনো ধরনের প্রতারাণা করার অভিযোগ অস্বীকার করেছেন।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, তার বড় দুই ছেলে এবং ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে ম্যানহাটান আদালতে ২০২২ সালের সেপ্টম্বরে এই মামলা করেন। আগামী ২ অক্টোবর মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, বিবাদীরা তাদের ব্যবসার প্রয়োজনে তাদের সম্পত্তির মূল্য ২০০ কোটি মার্কিন ডলার বেশি দেখিয়েছে, যাতে তারা ঋণ ও বীমা চুক্তিতে বেশি সুবিধা পেতে পারেন। সেইসঙ্গে কম কর দিতে মিথ্যা নথি ও আর্থিক বিবৃতি জারি করেছে। সংবাদ সূত্র: বিবিসি, রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
