বোমা হামলার নেপথ্যে ‘বিদেশি সন্ত্রাসীরা’: ফিলিপিন্স
পুলিশ ও সেনাবাহিনী রাজধানী ম্যানিলা ও দক্ষিণাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে।
ফিলিপিন্সে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় সমাবেশে বোমা হামলার জন্য বিদেশি সন্ত্রাসীদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
রোববার তিনি হামলার নিন্দা জানিয়ে এই দোষারোপ করেন।পুলিশ ও সেনাবাহিনী রাজধানী ম্যানিলা ও দক্ষিণাঞ্চলে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে।
প্রেসিডেন্ট মার্কোস এক বিবৃতিতে বলেছেন, “আমি বিদেশি সন্ত্রাসীদের এই কাণ্ডজ্ঞানহীন, জঘন্যতম কর্মকান্ডের তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। নিরপরাধদের বিরুদ্ধে সহিংসতাকারী চরমপন্থিরা সবসময় আমাদের সমাজের শত্রু হিসেবে বিবেচিত হবে।”
প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, বোমা হামলায় বিদেশিদের জড়িত থাকার শক্তিশালী ইঙ্গিত রয়েছে। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান গিলবার্তো।
সংবাদ সম্মেলনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এমানুয়েল পেরাল্টা বলেছেন, ঘটনাস্থল থেকে ১৬-এমএম মর্টারের টুকরা উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমনেশিয়ামে স্থানীয় ক্যাথলিকদের ধর্মীয় সমাবেশে বোমা বিস্ফোরিত হয়। এতে অন্তত চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
