২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

লুলাকে অভিনন্দন জানালেন লাতিন আমেরিকার নেতারা

‘গণতন্ত্র দীর্ঘজীবী হোক! ব্রাজিলের জনগণ জয়ী হয়েছে,’ বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

লুলাকে অভিনন্দন জানালেন লাতিন আমেরিকার নেতারা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা তার ভাইস-প্রেসিডেন্ট জেরালদো আলকমিনের সঙ্গে জয় উদযাপনের সময় একটি ব্রাজিলীয় পতাকা দোলাচ্ছেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 11:19 AM

Updated : 26 Oct 2026, 11:19 AM

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা ফের আরেক মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানাচ্ছেন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নেতারা।

বিবিসি জানিয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সামাজিক মাধ্যমে লিখেছেন, “গণতন্ত্র দীর্ঘজীবী হোক! ব্রাজিলের জনগণ জয়ী হয়েছে। অভিনন্দন, প্রেসিডেন্ট লুলা।”

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল লুলার জয়কে ‘ঐতিহাসিক বিজয়’ বলে অভিহিত করেছেন। লুলার উদ্দেশে তিনি বলেছেন, “আপনার নেতৃত্বে ব্রাজিলীয় জনগণ যে শান্তি, সার্বভৌমত্ব ও সামাজিক ন্যায়বিচারের পথে যাত্রা শুরু করেছে, (এ জয়) তার ধারাবাহিকতা নিশ্চিত করেছে।”

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা লুলাকে অভিনন্দন জানিয়ে এক্স এ বলেছেন, “এই মহান গণতান্ত্রিক যাত্রার জন্য আমি ব্রাজিলের জনগণকে স্যালুট জানাই।”

বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাস বলেছেন, “বলিভিয়া ও ব্রাজিল প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশ। অভিন্ন ইতিহাস ও সাধারণা চ্যালেঞ্জগুলো আমাদের ঐক্যবদ্ধ করেছে। আমাদের সম্পর্ককে আরও জোরদার করতে এবং উভয় দেশের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে আমরা একসঙ্গে কাজ করে যাবো।”

উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি লুলাকে ‘বন্ধু’ সম্বোধন করে বলেছেন, “বন্ধুকে এই জয়ের জন্য এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক উৎসব পালিত হল তার জন্য অভিনন্দন।”

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছেন, “আমি এই গণতান্ত্রিক দিনটির জন্য ব্রাজিলীয় জনগণকে আর বিশেষ করে প্রেসিডেন্ট লুলাকে তার জয়ের জন্য অভিনন্দন জানাই।”

জনমত জরিপ, পূর্ববর্তী নজির এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদ্যমান মনোভাবকে ভুল প্রমাণ করে এক চমকপ্রদ জয় পেয়েছেন ব্রাজিলের বামপন্থি নেতা লুলা। এটি লাতিন আমেরিকাজুড়ে চলা ডানপন্থি নির্বাচনী জয়ের ঢেউকে থামিয়ে দিয়েছে।