যেভাবে প্যারাগুয়ের ব্যাংক কেলেঙ্কারিতে লাতিন আমেরিকায় ক্ষমতা হারালেন ট্রাম্পের পরম মিত্র
প্রয়োজনীয় মূলধনের অভাবে বন্ধ ব্যাংক, রাতারাতি ফ্রিজ ৩০ লাখ মানুষের আমানত; আর সেই সংকটে জেরে অভিশংসিত হয়ে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেণার পতন- কী ঘটেছিল লাতিন আমেরিকার এই দেশটিতে?
একটি শীর্ষ ডিজিটাল ব্যাংকের ধসকে কেন্দ্র করে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে।
দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির জেরে শেষ পর্যন্ত অভিশংসিত হয়ে ক্ষমতা হারিয়েছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
বিশ্ব রাজনীতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের খুবই বিশ্বস্ত ও পরম মিত্র হিসেবে পরিচিত। ক্ষমতার অপব্যবহার ও আর্থিক দুর্নীতির অভিযোগে এখন তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
পেশায় অর্থনীতিবিদ সাবেক এই প্রেসিডেন্টকে শুরুতে গৃহবন্দি করা হলেও পরে একটি সামরিক ঘাঁটিতে বিচারপূর্ব আটকাদেশে (প্রি-ট্রায়াল ডিটেনশন) নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
যেভাবে শুরু ব্যাংক কেলেঙ্কারি
প্রয়োজনীয় ন্যূনতম মূলধনের অনুপাত কমে যাওয়ায় গত সপ্তাহে ডিজিটাল ঋণদাতা প্রতিষ্ঠান ‘উইনো ব্যাংক’কে অবসায়ন ও পুনর্গঠন (রেজল্যুশন) প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নেয় প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক।
পরদিনই কেন্দ্রীয় ব্যাংক পুরো ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় এবং প্রায় ২৯ লাখ গ্রাহকের অ্যাকাউন্ট লেনদেন স্থগিত (ফ্রিজ) করে দেয়।
এতে জমা থাকা দেশের প্রায় ৩০ লাখ সাধারণ মানুষের সঞ্চয়, বেতন ও পেনশন রাতারাতি বন্ধ হয়ে যায়, যা প্যারাগুয়ের মোট জনসংখ্যার একটি বিশাল অংশ।
মাত্র ৬১ লাখ মানুষের দেশে অর্ধেকের কাছাকাছি নাগরিকের সঞ্চয় এভাবে আটকে যাওয়ায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যাংকের সামনে আমানতকারীদের দীর্ঘ লাইন ও টানা বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট পেনা। তিনি দাবি করেন, নাগরিকদের মানসিক স্বস্তি ও স্থিতিশীলতা ফেরাতেই তিনি সরে দাঁড়াচ্ছেন।
পদত্যাগ বনাম অভিশংসন
পেনার পদত্যাগপত্র বিবেচনার জন্য কংগ্রেসের উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকা হয়েছিল। পদত্যাগ গৃহীত হলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে পেনা আইনি সুরক্ষা ও দায়মুক্তি পেতেন।
কিন্তু ভোটাভুটির মাঝপথেই কয়েকজন আইনপ্রণেতা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করলে কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক মুলতবি হয়ে যায়।
আইনপ্রণেতারা দায়মুক্তি দেওয়ার বদলে বৃহস্পতিবার বিকেলে কংগ্রেসের নিম্নকক্ষে আর্থিক সংকটের জন্য পেনাকে দায়ী করে সর্বসম্মতভাবে অভিশংসনের পক্ষে রায় দেন। পরদিন শুক্রবার সিনেটের চূড়ান্ত ভোটাভুটিতে আনুষ্ঠানিকভাবে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা হয়।
১৫ বছরের জেলঝুঁকি ও ‘গোপন ভল্ট’
প্রসিকিউটর ন্যান্সি সালোমন জানিয়েছেন, পেনার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং নিজের স্বার্থে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালনার অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। প্যারাগুয়ের দণ্ডবিধি অনুযায়ী দুটি অভিযোগই প্রমাণিত হলে দ্বিতীয়টির মেয়াদ অর্ধেক হয়ে সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে।
পেনা সব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য পেনা ও তার আইনজীবী রিকার্দো প্রেদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল সিএনএন।
উইনো ব্যাংকের প্রধান শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান ‘গ্রুপো ভাজকেস’-এ পেনার অংশীদারি ছিল, যা তিনি গত বছর বিক্রি করেন।
কৌসুলিদের অভিযোগ, ক্ষমতায় থাকাকালে সরকারি ও পেনশন তহবিল উইনো ব্যাংকে জমা রাখা ও তা নবায়নের সিদ্ধান্তে পেনা সরাসরি হস্তক্ষেপ করেছিলেন।
এ ছাড়া রাজধানী আসানসিওন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সান বার্নার্দিনোতে পেনার বিলাসবহুল গ্রীষ্মকালীন অবকাশকালীন বাসভবন নির্মাণে উইনো ব্যাংক থেকে ২০২৪ সালের মে মাসে একযোগে ৫ লাখ ৮০ হাজার ডলারের দুটি ঋণ মঞ্জুর করা হয়েছিল।
রোববার ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ‘অত্যন্ত আধুনিক প্রযুক্তির গোপন ভল্ট’ খুঁজে পায় পুলিশ।
প্রসিকিউটর সালোমন সিএনএন-কে জানান, মঙ্গলবার সেটি খোলার কথা রয়েছে। তল্লাশিতে পেনার বাড়ি থেকে কম্পিউটার, নানা ইলেকট্রনিক ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রের পতন
ডানপন্থি কলোরাডো পার্টির সদস্য সান্তিয়াগো পেনা ছিলেন লাতিন আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অন্যতম কট্টর মিত্র। বিশেষ করে অভিবাসন ও নিরাপত্তার মতো বিষয়ে তিনি ট্রাম্পের রাজনৈতিক নীতিগুলোকে জোরালো সমর্থন দিতেন।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো আশ্রয়প্রার্থীদের প্যারাগুয়েতে স্থানান্তর সংক্রান্ত ‘সেফ থার্ড কান্ট্রি’ চুক্তিসহ প্রতিরক্ষা ও আঞ্চলিক নানা সমঝোতায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
চলতি বছরের শুরুর দিকে স্বাধীনতা, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রসারের লক্ষ্যে মিয়ামিতে ট্রাম্প-ঘনিষ্ঠ লাতিন আমেরিকান ডানপন্থি নেতাদের নিয়ে হোয়াইট হাউজের আয়োজিত সম্মেলনেও আমন্ত্রিত ছিলেন পেনা।
পেনার অপসারণের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য জানিয়েছে, দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না এবং যৌথ অগ্রাধিকারের ভিত্তিতে অংশীদারিত্ব বজায় থাকবে।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা সান্তিয়াগো পেনার আকস্মিক পতনকে লাতিন আমেরিকায় ট্রাম্পের ভূ-রাজনৈতিক কৌশলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এ অঞ্চলে ট্রাম্পের অন্যতম প্রধান ডানপন্থি মিত্রের বিদায় লাতিন আমেরিকার রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন প্রেসিডেন্ট ও জনরোষ
পেনার অপসারণের পরপরই নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা। বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষে নিজের বিরুদ্ধে ওঠা অভিশংসনের প্রস্তাব থেকে তিনি কোনোমতে রক্ষা পান।
আগামী দুই বছর তিনি দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে আলিয়ানা ব্যবসায়ী এবং জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় ছিলেন।
পরবর্তীতে তিনি সংসদ সদস্য, চেম্বার অব ডেপুটিজের প্রধান এবং নিম্বুকুর গভর্নরের দায়িত্ব পালন করেন।
দায়িত্ব নিয়েই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল এনেছেন আলিয়ানা এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।
উইনো ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্লোস কারভালোকে সরিয়ে হোর্হে শ্রাইনারকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।
তবে প্রেসিডেন্টের পদে তারই ভাইস প্রেসিডেন্টের আসীন হওয়া আন্দোলনকারীদের ক্ষোভ কমাতে পারেনি। রাজধানী আসানসিওনের রাজপথে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘সবাই বিদায় হও!’
আমানত গ্যারান্টি তহবিল থেকে উইনো ব্যাংকের গ্রাহকদের প্রায় ৩৩ কোটি ডলার ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই সংকট প্যারাগুয়ের শ্রমবাজার ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হোর্হে শ্রাইনার সিএনএন এর কাছে স্বীকার করেছেন, এই কেলেঙ্কারিতে প্যারাগুয়ের আর্থিক ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা পুনরুদ্ধার করতে সময় লাগবে।
