অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ম্যাককার্থি
দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে ১৫ দফা ভোটে স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী কেভিন ম্যাককার্থি।
যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরের ইতিহাসে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন নিয়ে দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে ১৫ দফা ভোটে স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী কেভিন ম্যাককার্থি।
প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচিত হতে দরকার ছিল ২১৮ ভোট। পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ম্যাককার্থির সহজেই জয় পাওয়ার কথা ছিল।
কিন্তু বাদ সাধেন পরিষদে তার দলের ২০ সদস্য। তারা ম্যাককার্থিকে ভোট না দেওয়ার ব্যাপারে অনড় ছিলেন।
শেষ পর্যন্ত ১২ দফা ভোটের পর ১৪ জন বিদ্রোহী রিপাবলিকানকে ম্যাককার্থি তার পক্ষে ভোট দিতে রাজি করাতে সক্ষম হন বলে জানায় বিবিসি। এর জন্য তাকে বেশ কিছু প্রতিশ্রুতি এবং ছাড়ও দিতে হয়েছে।
১৩ দফা ভোটের সময় ১৫ তম রিপাবলিকানটিও ম্যাককার্থিকে ভোট দেন। কিন্তু তারপরও ১৪ দফা ভোটের সময় জয়লাভের জন্য এক ভোট কম ছিল ম্যাককার্থির।
১৫ দফায় সেই শেষ ভোটটি দেন মন্টানার রায়ান জিংকে। আর তাতেই জয় নিশ্চিত হয় ম্যাককার্থির। পরিষদের সবাই তখন হাততালি দিয়ে ওঠে।
এই হাততালি আর হর্ষধ্বনির মধ্যে নবনির্বাচিত স্পিকার ম্যাককার্থি বলেন, “আমার বাবা সবসময় বলতেন, “তোমার শুরু কীভাবে সেটি ব্যাপার নয়, শেষ কীভাবে হল সেটিই বিষয়।”
ম্যাককার্থি তাকে সমর্থন দেওয়া এবং তার পাশে থাকার জন্য সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন। সাংবাদিকদেরকে তিনি বলেন, ট্রাম্প তাকে চূড়ান্ত ভোট পেতে সাহায্য করেছেন। ট্রাম্প শুরু থেকে তার পাশে ছিলেন।
নির্বাচিত হওয়ার পর ম্যাককার্থি শপথ নেন এবং প্রতিনিধি পরিষদের নতুন নির্বাচিত অন্যান্য সদস্যরাও শেষ পর্যন্ত শপথ নিতে সক্ষম হন।
গত বছর নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলেও স্পিকার নির্বাচন নিয়ে অচলাবস্থার কারণে সদস্যদের শপথ এবং নতুন অধিবেশন এতদিন আটকে ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ম্যাককার্থির জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং রিপাবলকান দলের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, “আমেরিকার জনগণ চায় তাদের নেতারা এমনভাবে দেশ শাসন করুক যাতে সবকিছু ঊর্ধ্বে তাদের প্রয়োজন পূরণ হয়। সেটিই এখন আমাদের করা দরকার।”
