২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট লন্ডন মসজিদের ১০ লাখ পাউন্ড খোয়া, ট্রাস্টকে সতর্কতা

রমাদান আপিলসহ নানা কর্মসূচির মাধ্যমে এই মসজিদ বছরে ৪ থেকে ৫ মিলিয়ন পাউন্ড তহবিল সংগ্রহ করে থাকে।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 06:33 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

বিনিয়োগের নামে ইস্ট লন্ডন মসজিদের ১০ লাখ পাউন্ড ক্ষতি করায় মসজিদ ট্রাস্টকে সতর্ক করেছে যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন।

দাতব্য প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থাটি দেখেছে, ট্রাস্টিরা দাতব্য কার্যক্রমের ওপর পর্যাপ্ত তদারকি করতে ব্যর্থ হয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট সংশোধনমূলক ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রক সংস্থার আরও তদন্তের মুখোমুখি হতে হবে তাদের।

ব্রিটেনে মুসলিম কমিউনিটির উদ্যোগে ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয় ইস্ট লন্ডন মসজিদ, যাতে মূলত ব্রিটিশ বাংলাদেশিরা পৃষ্ঠপোষকতা করে আসছে। ইউরোপের বৃহত্তম এ মসজিদের পরিচালনার দায়িত্বে রয়েছে ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট। 

নির্বাচিত ১২ জন ট্রাস্টি মসজিদ পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি বংশোদ্ভূত। রমাদান আপিলসহ নানা কর্মসূচির মাধ্যমে ইস্ট লন্ডন মসজিদ বছরে ৪ থেকে ৫ মিলিয়ন পাউন্ড তহবিল সংগ্রহ করে থাকে। 

মসজিদ ট্রাস্ট ২০২২ সালে জাতীয় স্বাস্থ্য সেবা অনুমোদিত মেডিকেল সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ম্যাটজে ১০ লাখ পাউন্ড বিনিয়োগ করেছিল, যেখান থেকে ছয় মাসে ২০ শতাংশ মুনাফার আশা করা হয়েছিল। 

চ্যারিটি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিন্তু ওই প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যাওয়ায় মসজিদ ট্রাস্ট বিনিয়োগের অর্থ খোয়ায়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ট্রাস্টিরা বিষয়টি কমিশনকে জানায়।

বিনিয়োগ চুক্তি নিয়ে মসজিদ ট্রাস্ট যথেষ্ট সচেতন ছিল না বলে মনে করে চ্যারিটি কমিশন। ট্রাস্টিদের তদারকির অভাব এবং বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ভালোভাবে পরীক্ষা না করারও সমালোচনা করেছে কমিশন। 

কমিশন আশা করে, বড় অংকের বিনিয়োগের ক্ষেত্রে দাতব্য প্রতিষ্ঠানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য যাচাই-বাছাই করবে।

চ্যারিটি কমিশনের কমপ্লায়েন্স, পরিদর্শন ও তদন্ত বিভাগের প্রধান জোশুয়া ফারব্রিজ বলেন, “যখন মানুষ কোনো দাতব্য সংস্থায় অনুদান দেয়, তারা বিশ্বাস রাখেন যে- তহবিল পরিচালনাকারীরা সেই অর্থ সতর্কতার সঙ্গে এবং সংস্থার লক্ষ্য অনুযায়ী পরিচালনা করবে। এক্ষেত্রে আমরা দেখেছি যে, ট্রাস্টিরা এমন একটি বড় বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তদারকি করেননি এবং তারা বিনিয়োগ সম্পর্কে যথাযথ তথ্য রাখেননি।

“তহবিল দেখভালের প্রশ্নে ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টকে একাধিকবার পরামর্শ দেওয়া হয়েছিল, তাই আমরা এখন একটি আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছি।”