২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেট ব্যাংক অব ইন্ডিয়াকে অজ্ঞাত রাজনৈতিক অর্থদাতাদের নাম প্রকাশের নির্দেশ আদালতের

মোদী সরকার ২০১৮ সালে ‘ইলেক্টোরাল বন্ড’ নামের এই স্কিমটি চালু করে। এবার লোকসভা নির্বাচনের ঠিক আগে দিয়ে বিতর্কিত এই স্কিমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় নিঃসন্দেহে তাদের অস্বস্তিতে ফেলবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2024, 07:10 PM

Updated : 11 Mar 2024, 07:10 PM

ভারত সরকার পরিচালিত স্টেট ব্যাংক অব ইন্ডিয়াকে (এসবিআই) তাদের বিতর্কিত একটি স্কিমের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের জন্য একদিন সময় বেঁধে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বিবিসি জানায়, ‘ইলেক্টোরাল বন্ড’ নামের বিতর্কিত ওই স্কিমটি বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে অজ্ঞাত পরিচয়ে রাজনৈতিক দলগুলোকে ‘ডোনেশন’ দেওয়ার সুযোগ করে দিয়েছে।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এজন্য আরও সময় চেয়েছে। তবে মঙ্গলবার শেষ হওয়ার আগেই তাদের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে তথ্য ভাগ করে নিতে হবে। এবং আগামী শুক্রবারের মধ্যে অবশ্যই তাদের এ সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করে গত মাসে সুপ্রিম কোর্ট ওই স্কিমটি বন্ধ করার উদ্যোগ নেয়।

ভারতে লোকসভা নির্বাচন আসন্ন। কয়েকদিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এই সময়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য বড় আঘাত বলেই বিবেচিত হচ্ছে। কারণ, এই স্কিমের সবচেয়ে বড় সুবিধাভোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি।

মোদী সরকারই ২০১৮ সালে ‘ইলেক্টোরাল বন্ড’ স্কিম চালু করে। তখন তারা বলেছিল, এই স্কিম রাজনৈতিক অর্থ লেনদেনকে আরও স্বচ্ছ করবে। কিন্তু সমালোচকরা বলছেন, বাস্তবে হয়েছে ঠিক তার উল্টো। এই স্কিম নানা রাজনৈতিক দলকে অর্থ ডোনেশনের বিষয়টিকে আরও অস্বচ্ছ করে তুলেছে।

এই স্কিমে দাতারা এসবিআই ব্যাংকের শাখাগুলো থেকে এক হাজার-এক কোটি রুপি পর্যন্ত বন্ড কিনতে পারেন এবং রাজনৈতিক দলগুলোকে সেগুলো পুনরায় নগদ অর্থে পরিণত করতে দিতে পারেন।

বিবিসির খবরে বলা হয়, গত মাসে সুপ্রিম কোর্ট এসবিআই কে এ ধরণের আর কোনো বন্ড বিক্রি না করার নির্দেশ দেওয়ার পাশাপাশি যারা এরইমধ্যে বন্ড কিনেছে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বলেছিল। সেইসঙ্গে প্রতিটি রাজনৈতিক দল কী পরিমাণ বন্ড ভাঙিয়েছে সে বিষয়ে ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য দিতে বলেছিল।

কিন্তু ৬ মার্চের ঠিক দুইদিন আগে এসবিআই একটি পিটিশন করে আগামী ৩০ জুন পর্যন্ত সময় বৃদ্ধি করার আবেদন জানায়। তাদের যুক্তি ছিল, ‘কোন রাজনৈতিক দলে কে কত অর্থ দান রেখেছে তা নিশ্চিত করার জন্য তথ্যের মিল একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া’।

সোমবার সুপ্রিম কোর্ট এসবিআই এর ওই পিটিশন আবেদন বাতিল করে দিয়ে বলে, আদালত ব্যাংককে এই ‘নোটিস’ দিয়েছিল যে, ‘স্কিম বিক্রি বন্ধ করে’ মঙ্গলবারের মধ্যে তথ্য শেয়ার করার সময়সীমা যদি তারা মেনে না চলে তবে এটিকে ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অমান্য করা হিসাবে দেখা যেতে পারে।

জবাবে ব্যাংক বলেছে, তাদের হাতে দাতা এবং কত টাকার বন্ড বিক্রি হয়েছে সে তথ্য রয়েছে। এমনকি, তাদের কাছে কোন দল কখন বন্ড ভাঙিয়ে কত অর্থ উত্তলন করেছে সে তথ্যও রয়েছে। কিন্তু সেগুলোর হিসাব তাদের ‘আলাদা আলাদা বিভাগে’ রয়েছে।

তখন আদালত এসবিআইকে বলেছে, তাদের হাতে ‘বর্তমানে যেটুকু তথ্য আছে সেটাই প্রকাশ করতে’।

এমনটা হলে কে কোনো দলকে কত অর্থ ডোনেশন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে বোঝা যাবে না।

এই স্কিমের সমালোচকরা এটিকে ‘গণতন্ত্রের বিকৃতি’ বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টে ইলেক্টোরাল বন্ড স্কিমকে চ্যালেঞ্জ করেন।

মোদী সরকার তাদের এ নীতির পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেছে, তারা রাজনৈতিক দলগুলোকে নগদ অর্থ ডোনেশন করার প্রথা বিলুপ্ত করতে এই স্কিম চালু করেছিল। ভারতের বেশিরভাগ নির্বাচনে অর্থের যোগান ব্যক্তিগত খাত থেকে আসে।

সোমবার আদালত থেকে আরো বলা হয়, এই স্কিম নাগরিকদের সরকার থেকে তথ্য পাওয়ার ‘অধিকারকে লঙ্ঘন করেছে’।