২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় ‘বস্তু নিক্ষেপ’

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিরাপদ ও অক্ষত আছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 09:52 AM

Updated : 15 Apr 2023, 10:49 AM

উন্মুক্ত এক ভেন্যুতে বক্তব্য রাখার সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছাকাছি পাইপ জাতীয় কোনো এক বস্তু নিক্ষেপ করার পর ‘বিস্ফোরণের’ মতো শব্দ শোনা গেছে।

শনিবার ওয়াকাইয়ামা শহরে এ ঘটনা ঘটেছে বলে জাপানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে।

এনএইচকে বলেছে, “ঘটনাস্থলে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে।”

ঘটনাস্থলে থাকা এনএইচকের সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, “কিছু একটা ছোড়া হয়েছে আর তা বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

জাপানের কর্মকর্তাদের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, কিশিদা নিরাপদ ও অক্ষত আছেন। তাকে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে পুলিশ কর্মকর্তারা তাকে ঘিরে রেখে পাহারা দিচ্ছেন।

টুইটারে পোস্ট করা এনএইচকের ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের মতো একটি শব্দের পর আতঙ্কিত লোকজন দৌঁড়ে পালাচ্ছে এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা বলে মনে হওয়া বেশ কয়েকজন লোক সন্দেহভাজনকে মাটিতে চেপে ধরে আছেন আর তারপর চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছেন।

Image

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বক্তব্য রাখার সময় তার কাছাকাছি এক ব্যক্তি পাইপ জাতীয় কিছু ছুড়ে মেরেছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যান্য ছবিতে ছোট পাইপের মতো রূপালি একটি বস্তু দেখা গেছে, যেটি কিশিদার দিকে ছুড়ে মারা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

জাপানের বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, ‘স্মোক বোমার মতো’ কিছু একটি ছুড়ে মারার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, কিশিদা ওয়াকাইয়ামার সাইকাজাকি মাছ বন্দর পরিদর্শন করার পর বক্তব্য রাখার সময় নাটকীয় এসব ঘটনা ঘটতে শুরু করে। ওয়াকাইয়ামা জেলার আসনে জাপানের প্রতিনিধি পরিষদের উপনির্বাচনে নিজ দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখছিলেন তিনি।

ওয়াকাইয়ামার সিটি কাউন্সিলের এক সদস্য তখন ঘটনাস্থলে ছিলেন। এনএইচকে-কে তিনি বলেন, “আমার সামনে দুই মিটারের মধ্যে নলাকার রূপালী একটি বস্তু উড়ে এসে পড়ে, এর পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি ‘রূপালী নলাকার বস্তু’ দেখেছেন আর সেটি ‘ছুড়ে মারার পর কিছুক্ষণ পরে ছিল, তারপর বড় ধরনের একটি শব্দ শোনা যায়’।