চীনে পৌঁছেছেন পুতিন, লক্ষ্য পশ্চিমা বিরোধী জোট শক্তিশালী করা
আবারও প্রভাবশালী দুই নেতার বৈঠক বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি পাল্টে দেবে কিনা অনেকে এ প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় আছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মঙ্গলবার বেইজিংয়ে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এর আগে পুতিন সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। বেইজিং থেকে দেশে ফিরে ওই মাসেই তিনি ইউক্রেইনে আগ্রাসন শুরু করেন।
আবারও প্রভাবশালী এই দুই নেতার বৈঠক বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি পাল্টে দেবে কিনা অনেকে এ প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় আছেন।
এদিকে, এবার এই দুই নেতার বৈঠকের কয়েকদিন আগে বেধে গেছে আরেক যুদ্ধ। গাজায় ফিলিস্তিনিদের সশস্ত্র দল হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে প্রাণঘাতী এক সংঘাতকে উস্কে দিয়েছে। যা ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে।
ওই দিন হামাস প্রথমে মাত্র ২০ মিনিটে ইসরায়েলে প্রায় পাঁচ হাজার রকেট ছোড়ে এবং তারপর সীমান্ত বেড়া ভেঙে হাজার খানেক হামাস যোদ্ধা দক্ষিণ ইসরায়েলে বন্দুক হাতে তাণ্ডব চালায়। তাদের হামলা এ পর্যন্ত সেখানে প্রায় ১৪শ মানুষ নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
পাল্টা জবাবে হামাসের হামলার দিন থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রস্তুত স্থল হামলা চলাতেও। যেকোনো সময় ইসরায়েলের পদাতিক বাহিনী গাজায় প্রবেশ করতে পারে। প্রাণ ভয়ে তাই ইসরায়েল সীমান্ত থেকে মিশর সীমান্তের দিয়ে সরে যাচ্ছে ছোট্ট এই ভূখণ্ডটির লাখ লাখ বাসিন্দা।
বেইজিং এবং মস্কো উভয়ই গাজায় ইসরায়েলের হামলার সমালোচনা করেছে এবং একটি যুদ্ধবিরতিতে আসার আহ্বান জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মিত্র ইসরায়েলকেই সমর্থন দিয়েছে।
পুতিন এমন একটি সময়ে বেইজিং সফরে এসেছেন যখন ইসরায়েল সফরের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বাইডেনের ইসরায়েল সফরে যাওয়ার কথা। এই সফরের মধ্য দিয়ে বাইডেন ইসরায়েলের প্রতি বিশেষ করে তাদের হামাসকে নিশ্চিহ্ন করে দেয়ার প্রতিজ্ঞার প্রতি সমর্থন জানাচ্ছেন।
যদিও যুক্তরাষ্ট্র গাজার সাধারণ ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা লাঘব করতে ব্যবস্থা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। সেইসঙ্গে আঞ্চলিক শক্তিগুলোকে এ যুদ্ধ থামাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বুধবার শি-পুতিন যে দ্বিপাক্ষিক বৈঠকে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মূলত চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামে’ অংশ নিতে বেইজিং গেছেন পুতিন।
মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের এই কূটনৈতিক আয়োজনে ১৪০টির বেশি দেশের রাষ্ট্র প্রধান, প্রতিনিধি এবং কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
১০ বছর আগে শির স্বপ্নের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এর যাত্রা শুরু হয়েছিল।
