২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচক জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আল-জাজিরাকে দেওয়া লিখিত বার্তায় ফ্রানচেসকা আলবানিজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘মাফিয়া কায়দায় ভয় দেখানোর কৌশল’ বলে উড়িয়ে দিয়েছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচক জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্ট্যার ফ্রানচেসকা আলবানিজে। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 02:37 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্ট্যার ফ্রানচেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। 

আলবানিজে অনেক দিন ধরেই গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে তুমুল সমালোচনা করে আসছিলেন।

“যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তা, কোম্পানি ও নির্বাহীদের বিরুদ্ধে (আন্তর্জাতিক অপরাধ আদালতে) ত্বরিত ব্যবস্থা নিতে বেআইনি ও নির্লজ্জ প্রচেষ্টার জন্য আজ আমি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ র‌্যাপোর্ট্যার ফ্রানচেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি,” বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর প্রতিক্রিয়ায় আলবানিজে এক্সে সরাসরি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কিছু না বলে লিখেছেন, তিনি অটল ও দৃঢ়ভাবে ন্যায়বিচারের পক্ষে আছেন, যেমনটা তিনি সবসময় ছিলেন। তিনি আল-জাজিরাকে দেওয়া লিখিত বার্তায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘মাফিয়া কায়দায় ভয় দেখানোর কৌশল’ বলেও উড়িয়ে দিয়েছেন। 

মার্কিন মিত্র তেল আবিব গাজায় ‘গণহত্যার অভিযান’ চালাচ্ছে অভিযোগ করে ইতালীয় এ আইনজীবী ও শিক্ষাবিদ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য দেশগুলোকে ইসরায়েলের ওপর অস্ত্র নিশেধাজ্ঞা দিতে এবং তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন। 

গাজায় দীর্ঘদিন ধরে চালানো প্রাণঘাতী ‘সামরিক অভিযানের’ কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।

ইসরায়েল তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে বলছে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের প্রাণঘাতী হামলার পর আত্মরক্ষার্থে তারা গাজায় এ অভিযান চালাচ্ছে। 

দিনকয়েক আগে প্রকাশিত এক প্রতিবেদনে আলবানিজে বিশ্বের একাধিক বড় অস্ত্র নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠানসহ ৬০টি কোম্পানির বিরুদ্ধে ইসরায়েলের ‘অবৈধ’ বসতি স্থাপন ও গাজায় সামরিক পদক্ষেপে সহায়তার অভিযোগ এনেছেন। 

প্রতিবেদনে তিনি কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে লেনদেন স্থগিত করতে এবং যে নির্বাহীরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে আইনি জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।  

আলবানিজে হলেন জাতিসংঘের অনুমোদনপ্রাপ্ত কয়েক ডজন মানবাধিকার বিশেষজ্ঞের একজন, যারা নির্দিষ্ট বিষয় ও সঙ্কট সম্বন্ধে প্রতিবেদন দেন। এই বিশেষ র‌্যাপোর্ট্যারদের মতামতে সবসময় জাতিসংঘের সার্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় না।   

আলবানিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞর ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে একাধিক মানবাধিকার সংগঠন।

থিংকট্যাঙ্ক সেন্টার ফর পলিসির সরকার সংক্রান্ত বিষয়ের ভাইস প্রেসিডেন্ট ডিলান উইলিয়ামস ওয়াশিংটনের এ পদক্ষেপকে ‘গুণ্ডা রাষ্ট্রের আচরণ’ অ্যাখ্যা দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিশেষ র‌্যাপোর্ট্যারদের সমর্থন দেওয়া উচিত, নিষেধাজ্ঞা নয়। 

জানুয়ারিতে ক্ষমতায় ঠেরার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সঙ্গে ওয়াশিংটনের সম্পৃক্ততা বন্ধ করেছেন, ফিলিস্তিনি ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-অর্থায়ন স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন এবং জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো নিয়ে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

তিনি প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে একটি মামলা চালুর অতীত সিদ্ধান্ত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রতিক্রিয়ায় জুনে ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার বিচারকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল।