রাশিয়া নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা যুক্তরাষ্ট্রে ব্যাপক নয়: মোদী
যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করলেও নয়া দিল্লি মস্কোর সমালোচনা করা থেকে বিরত থাকে।
ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার ব্যাপারে ভারত যে অবস্থান নিয়েছে, তা যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েনি বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় ভারত মস্কোর বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান না নেওয়ায় যুক্তরাষ্ট্রের করা সমালোচনার বিষয়ে জিজ্ঞেস করা হলে মোদী বলেন, “আমরা মনে হয় না এই ধরনের সমালোচনামূলক ধারণা যুক্তরাষ্ট্রে ব্যাপক।”
“ভারতের অবস্থান সুবিদিত এবং সমগ্র বিশ্ব তা ভালোভাবেই অনুধাবন করছে। ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার যে শান্তি, এ বিষয়ে বিশ্বের সম্পূর্ণ আস্থা আছে,” বলেছেন তিনি।
মোদী মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছেড়েছেন। তার এবারের সফরে দুই দেশের মধ্যে সামরিক ও প্রযুক্তি খাত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
রাশিয়া গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেইনে সেনা পাঠিয়ে তাদের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা এর সমালোচনা করলেও নয়া দিল্লি তার পুরনো মিত্র রাশিয়ার সমালোচনা থেকে বিরত থাকে।
কেবল তা-ই নয়, হ্রাসকৃত মূল্যে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে তারা মস্কোর সঙ্গে বাণিজ্যের পরিমাণও রেকর্ড পর্যায়ে উন্নীত করে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার দৃষ্টিতে বিশ্বজুড়ে ‘মুক্ত এবং কর্তৃত্ববাদী সমাজগুলোর মধ্যকার চলমান দ্বৈরথে’, বিশেষ করে চীনকে ঠেকাতে, ভারতকে পাশে পেতে আগ্রহী।
ক্রমশ আকার নিতে থাকা ‘বহুমেরুর বৈশ্বিক ব্যবস্থার’ সাথে মানিয়ে নিতে এবং তুলনামূলক অসচ্ছল দেশগুলোর আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিতে জাতিসংঘের মতো বৈশ্বিক সংস্থাগুলোর কাঠামো পরিবর্তনে আহ্বান জানিয়ে আসছেন মোদী।
ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে চায়, বলেছেন তিনি।
“বিশ্বকে জিজ্ঞেস করা উচিত, তারা সেখানে (নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে) ভারতকে চায় কিনা,” বলেছেন মোদী।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন, চীনের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতি তখনই হবে, যখন এশিয়ার দুই বৃহৎ প্রতিবেশীর মধ্যবর্তী সীমান্তে শান্তি প্রতিষ্ঠিত হবে।
তিন বছর আগে হিমালয়ের পশ্চিমাংশে হাতাহাতি ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে ২০ ভারতীয় ও ৪ চীনা সেনা নিহত হওয়ার পর দুই দেশই সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।
“চীনের সঙ্গে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি।
“সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, আইনের শাসন মেনে চলা এবং বিবাদ ও মতবিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রতি আস্থা আছে আমাদের। একইসঙ্গে ভারত তার নিজের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় পুরোপুরি প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ,” ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন মোদী।
