সমালোচনার মুখে নিউজিল্যান্ডে শিশুদের বিড়াল-হত্যা প্রতিযোগিতা বাতিল
নিউ জিল্যান্ডে বন্য বিড়াল প্রতিবছর লাখ লাখ পাখি হত্যা করে।
বন্য প্রাণীর অধিকার রক্ষা কর্মীদের তীব্র সমালোচনার মুখে নিউ জিল্যান্ডে শিশুদের বিড়াল-শিকারের একটি প্রতিযোগিতা বাতিল করা হয়েছে।
বিবিসি জানায়, বার্ষিক শিকার প্রতিযোগিতার আয়োজকরা এবছর শিশুদের জন্য নতুন একটি ক্যাটাগরি যোগ করে। সেটা হল, বন্য বিড়াল শিকার করা।
নিউ জিল্যান্ডে বন্য বিড়ালকে ফসল-খামারের বিনষ্টকারী হিসেবে বিবেচনা করা হয়
আয়োজকরা শিশুদের বলেন, তারা যেন পোষা বিড়াল হত্যা না করে। বরং তারা শিশুদের যত বেশি সংখ্যক বন্য বিড়াল শিকার করতে উৎসাহ দেন। এজন্য আড়াইশ নিউ জিল্যান্ড ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
প্রাণী অধিকার সুরক্ষায় কাজ করা সংগঠনগুলো সঙ্গে সঙ্গে এ প্রতিযোগিতার তীব্র সমালোচনা শুরু করে।
মঙ্গলবার ‘দ্য নিউ জিল্যান্ডস সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু এনিমেলস’ এর পক্ষ থেকে বলা হয়, প্রতিযোগিতায় শিশুদের যে বিভাগে বুনো বিড়াল গুলি করে হত্যার কথা বলা হয়েছিল সেটা যে বন্ধ হয়েছে এজন্য তারা ‘স্বস্তি বোধ’ করছেন।
বিবিসি জানায়, সাউথ আইল্যান্ডের ক্যান্টারবেরিতে স্থানীয় একটি স্কুলের পক্ষ থেকে জুনে তহবিল সংগ্রহের জন্য এই শিকার প্রতিযোগিতার ঘোষণা করা হয়।
প্রতি বছর এই প্রতিযোগিতায় কয়েকশ মানুষ অংশ নেয়, যাদের মধ্যে শিশুরাও থাকে। প্রতিযোগীরা সাধারণত বুনো শুকর, হরিণ এবং খরগোশ শিকার করে।
নর্থ ক্যান্টারবেরি হান্টিং কম্পিটিশনের আয়োজকরা মঙ্গলবার প্রতিযোগিতা থেকে বিড়াল হত্যার বিষয়টি বাতিল করার ঘোষণা দেন। বলেন, তারা এ বিষয়ে ‘খারাপ এবং অনুপযুক্ত ইমেইল’ পেয়েছেন।
ফেইসবুকে এক পোস্টে তারা আরও লেখেন, ‘‘আমরা হতাশ এবং তাদের কাছে ক্ষমাপ্রার্থী, যারা আমাদের দেশীয় পাখি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ প্রজাতির সুরক্ষা কাজে জড়িত থাকতে আগ্রহী হয়েছিলেন।”
ওই পোস্টের নিচে শতাধিক মন্তব্য পড়েছে বলে জানায় বিবিসি। তাদের অনেকেই ওই প্রতিযোগিতার পক্ষে অবস্থান নিয়েছেন। তারা বলেছেন, শিকারের মাধ্যমে অন্য পশু-পাখির জন্য ক্ষতিকর হয়ে উঠা প্রাণীদের ‘নিয়ন্ত্রণ করা যেতে পারে’।
একজন লিখেছেন, ‘‘বন্য বিড়াল জায়গাটির চারপাশে কী ক্ষতি করছে সেটা যদি মানুষ জানত!
‘‘তারা আমাদের খামারের উপরও ক্ষতিকর প্রভাব ফেলছে। বন্য বিড়াল রোগ বহন করে...তাই যখনই আমরা তাদের দেখতে পাব, তখনই গুলি চালাব।”
বন্য বিড়ালের বংশ বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিউ জিল্যান্ডে উত্তপ্ত বিতর্কের বিষয় হয়ে উঠেছে। বন্য বিড়াল স্থানীয় অনেক প্রাণী এবং দেশটির জীববৈচিত্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে।
নিউ জিল্যান্ডের দ্য রয়াল ফরেস্ট অ্যান্ড বার্ড প্রোটেকশন সোসাইটির হিসাব অনুযায়ী, নিউ জিল্যান্ডে প্রতিবছর শুধু বন্য বিড়াল ১১ লাখের বেশি দেশীয় পাখি হত্যা করে। আরো লাখ লাখ বিদেশি পাখির মৃত্যুর জন্য দায়ী এই প্রাণীটি।
