রুশ অভিযান: জার্মানিতে থাকা দ্বিতীয় বৃহত্তম বিদেশি জনগোষ্ঠী ‘এখন ইউক্রেইনীয়রা’
ইউক্রেইন থেকে যাওয়া শরণার্থীদের দুই-তৃতীয়াংশই জার্মানিতে পৌঁছেছে রাশিয়ার সেনা অভিযানের প্রথম তিন মাসে।
গত বছর ইউক্রেইন থেকে প্রায় ১১ লাখ মানুষ জার্মানি গেছে, যা ২০১৫ সালের দিকে মধ্যপ্রাচ্য থেকে দেশটিতে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের ঢলকেও ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেইন থেকে যাওয়া শরণার্থীদের দুই-তৃতীয়াংশই জার্মানিতে পৌঁছেছে রাশিয়ার সেনা অভিযানের প্রথম তিন মাসে, বলেছে ওই পরিসংখ্যান দপ্তর।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার সেনা পাঠানোর বর্ষপূর্তির কয়েকদিন আগে এই তথ্য প্রকাশ করল তারা। রাশিয়ার ওই অভিযান এরই মধ্যে লাখ লাখ ইউক্রেইনীয়কে বাস্তুচ্যুত করেছে।
পরে দেশে ফিরে যাওয়াদের বাদ দিয়ে ২০২২ সালে ইউক্রেইন থেকে জার্মানিতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬২ হাজার; আর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সিরিয়া, আফগানিস্তান ও ইরাক থেকে সবমিলিয়ে জার্মানি যাওয়া মানুষের সংখ্যা ছিল ৮ লাখ ৩৪ হাজার, বলেছে জার্মানির পরিসংখ্যান দপ্তর।
২০২২ সালের অক্টোবরেই ইউক্রেইনীয়রা তুরস্কের পর জার্মানিতে থাকা দ্বিতীয় বৃহত্তম বিদেশি গোষ্ঠীতে পরিণত হয়েছে, বলেছে তারা।
