২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বিরুদ্ধে কানাডার নির্বাচনে ‘আগ্রাসী’ হস্তক্ষেপের অভিযোগ

গণতন্ত্র নিয়ে ‘আগ্রাসী খেলা’ এবং কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানকে চীন নিশানা করেছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো।

চীনের বিরুদ্ধে কানাডার নির্বাচনে ‘আগ্রাসী’ হস্তক্ষেপের অভিযোগ

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 08:07 PM

Updated : 08 Nov 2022, 08:07 PM

কানাডার নির্বাচনে চীনের ‘আগ্রাসী’ হস্তক্ষেপের চেষ্টা চালানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার গণতন্ত্র নিয়ে ‘আগ্রাসী খেলা’ এবং কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানকে চীন নিশানা করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রী এমন এক সময়ে নির্বাচনে চীনের হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ করলেন যখন দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কানাডার গোয়েন্দারা সাম্প্রতিক নির্বাচনে বেইজিং-সমর্থিত প্রার্থীর ‘এক গোপন নেটওয়ার্ক’ চিহ্নিত করেছেন।

বিবিসি জানায়, কানাডার সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলেছেন, ২০১৯ সালের ফেডারেল নির্বাচনেও চীন-সমর্থিত কমপক্ষে ১১ জন প্রার্থী ছিল।

তবে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাদের কানাডার অভ্যন্তরীন বিষয়ে কিংবা নির্বাচনে হস্তক্ষেপের ব্যাপারে কোনও আগ্রহ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় গ্লোবাল নিউজ বলেছে, চীন নির্বাচনে ওই প্রার্থীদের অর্থায়ন করেছে এবং চীনা কর্মীরা অনেক প্রার্থীর নির্বাচনী প্রচার শিবিরের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

অন্টারিও-ভিত্তিক প্রাদেশিক এক এমপি’র কার্যালয়ের মাধ্যমে ফেডারেল নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থীকে চীন আড়াই লাখ কানাডীয় ডলার সহায়তা করেছে। টরন্টোতে নিযুক্ত চীনা কনস্যুলেট থেকে বিষয়টি পরিচালনা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তাছাড়া, কানাডার নীতি প্রভাবিত করার চেষ্টায় এমপিদের কার্যালয়ে গোপন নেটওয়ার্কের সদস্যদের নিযুক্ত করার চেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেছে গ্লোবাল নিউজ।

রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারের জন্য কানাডার সাবেক কর্মকর্তাদের প্রলুব্ধ করার চেষ্টাও চলেছে বলে অভিযোগ আছে।

কানাডার প্রধান দুই রাজনৈতিক দল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি এবং বিরোধী কনজারভেটিভ পার্টিকে নিশানা করে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ চেষ্টা সফল হয়েছে কিনা তা পরিষ্কার নয়।

সোমবার সাংবাদিকদেরকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, “আমাদের নির্বাচনী প্রক্রিয়ার অখন্ডতাকে শক্তিশালী করার ব্যবস্থা নিয়েছি। কানাডার গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন ও প্রতিষ্ঠানে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ে আমরা বিনিয়োগ করে যাব।”

“দুর্ভাগ্যবশত, আমরা দেখছি বিভিন্ন দেশ এবং রাষ্ট্রীয় ক্রীড়ানকদের- সেটি হোক চীন বা অন্য কোনও দেশ, আমাদের গণতন্ত্র-প্রতিষ্ঠানের সঙ্গে আগ্রাসী খেলা চালিয়ে যাচ্ছে,” বলেন তিনি।