১৮০ বছর পর ব্রিটিশ নগরীর স্বীকৃতি পেল জিব্রাল্টার
ব্রিটেনের নগরী হিসাবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হল জিব্রালটার। প্রশাসনিক এক ভুলের কারণে এতদিন জিব্রাল্টার এই স্বীকৃতি পাওয়া থেকে বঞ্চিত ছিল।
যুক্তরাজ্যের রানি ভিক্টোরিয়ার কাছ থেকে প্রথম আনুষ্ঠানিক মর্যাদা পাওয়ার পরও প্রশাসনিক এক ভুলে কেটে গেছে ১৮০ টি বছর, অবশেষে ব্রিটিশ নগরী হিসাবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জিব্রালটার।
প্রশাসনিক ওই ভুলের কারণে এতদিন জিব্রাল্টার ব্রিটেনের নগরী হিসাবে স্বীকৃতি পাওয়া থেকে বঞ্চিত ছিল।
বিবিসি জানায়, চলতি বছরের শুরুতে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রিটিশ শাসিত ভূখণ্ড জিব্রালটার ব্রিটেনের নগরীর তালিকাভুক্ত হওয়ার আবেদন করেছিল।
কিন্তু যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভের গবেষণায় দেখা গেছে, জিব্রাল্টারকে ১৮৪২ সালেই ব্রিটিশ নগরীর মর্যাদা দেওয়া হয়েছিল।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে বলেছেন, “জিব্রাল্টার নগরীর সরকারি স্বীকৃতি দেখতে পাওয়াটা দারুণ ব্যাপার। এই নগরীর সমৃদ্ধ ইতিহাস এবং সক্রিয়তার জন্য এ এক বড় ধরনের সম্মাননা।”
“রানির সাম্রাজ্যে এই স্বীকৃতি জিব্রাল্টারের বিশেষ মর্যাদা নতুন করে নিশ্চিত করেছে। পাশাপাশি জিব্রাল্টারিয়ান সম্প্রদায়ের মর্যাদা এবং স্বতন্ত্র ঐতিহ্য এর মধ্য দিয়ে সঠিকভাবে মহিমান্বিত হয়েছে।”
১৭১৩ সাল থেকে জিব্রালটার ব্রিটেনের বাইরের ভূখণ্ড হিসাবে শাসিত হয়ে এসেছে। এক যুদ্ধের পর স্পেন ভূমধ্যসাগরের মুখে অবস্থিত এই কৌশলগত গুরুত্বপূর্ণ পাথুরে ফাঁড়িটি ১৭১৩ সালে ব্রিটেনের কাছে হস্তান্তর করেছিল।
কিন্তু এরপর দীর্ঘদিন ধরেই জিব্রালটার আবার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে এসেছে স্পেন। ২০০২ সালে এক গণভোটে জিব্রাল্টারের ৯৯ শতাংশ ভোটার স্পেনের সঙ্গে ব্রিটেনের সার্বভৌমত্ব ভাগাভাগি করার ধারণা প্রত্যাখ্যান করে।
২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) গণভোটের পর থেকে জিব্রাল্টারের মর্যাদার বিষয়টির পাশাপাশি কীভাবে স্পেনের সঙ্গে সীমান্ত পাহারা দেওয়া হবে সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হওয়া ব্রেক্সিট চুক্তি থেকেও জিব্রালটার উপদ্বীপকে বাদ দেওয়া হয়েছিল। ওদিকে, ব্রিটিশ সরকার জানিয়েছে, রানি ভিক্টোরিয়া প্রথমত জিব্রালটারকে স্বীকৃতি দিলেও সরকারি তালিকা থেকে এটি বাদ পড়েছিল। কীভাবে এমনটি ঘটছিল তা স্পষ্ট জানা যায়নি।
