ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইসরায়েল নীতিতে শর্তে অনড় সৌদি আরব
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি রূপরেখা নিয়ে সমঝোতা হলেই কেবলমাত্র ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পথে হাঁটতে পারে সৌদি আরব- ইঙ্গিত দিয়েছে রিয়াদ।
ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে আশাবাদী মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এ মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউজ সফরকালে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছে রিযাদ।
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রিয়াদ ওয়াশিংটনকে এই ইঙ্গিত দিয়েছে যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তারা তাদের শর্তে অনড় রয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি রূপরেখা নিয়ে সমঝোতা হলেই কেবলমাত্র তারা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পথে হাঁটতে পারে।
দশকের পর দশক বৈরিতার পর ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, বিশেষ করে এতে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও জোরদার হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
গত মাসে ট্রাম্প বলেছিলেন, তিনি আশা করছেন “খুব শিগগিরই” সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা অন্যান্য মুসলিম দেশগুলোর তালিকায় যুক্ত হবে। তারা এ সংক্রান্ত ২০২০ সালের আব্রাহাম চুক্তিতে সই করবে।
আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। কিন্তু রিয়াদ জানাল, তাদের এই চুক্তি সই করার বিষয়টি নির্ভর করছে ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখার ওপর।
দুই উপসাগরীয় সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউজে ট্রাম্প এবং সৌদি যুবরাজের বৈঠকের আগে কূটনৈতিক কোনও বিভ্রান্তি এড়াতে এবং প্রকাশ্যে কোনও বিবৃতি দেওয়ার আগে দুই দেশের অবস্থানের সমন্বয় করতেই এমন বার্তা দিয়েছে রিয়াদ।
মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকফ বলেন, “একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিশ্বাসযোগ্য পথ না থাকলে সৌদি যুবরাজ নিকট ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কের কথা ভাববেন না।”
ওয়াশিংটনের থিঙ্কট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের এই বিশ্লেষকের মতে, সৌদি যুবরাজ বিন সালমান বৈঠকে ট্রাম্পের কাছ থেকে “একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে স্পষ্ট ও প্রকাশ্য সমর্থন” আদায়ের চেষ্টা করবেন।
আগামী সপ্তাহের হোয়াইট হাউজ সফর ২০১৮ সালের পর সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর। সে বছর ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশুগুজি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যদিও তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
ট্রাম্প সাম্প্রতিক এক বক্তৃতায় বলেন, “অনেক দেশকেই আমরা এখন আব্রাহাম চুক্তিতে যোগ দিতে দেখছি, আশা করছি খুব শিগগিরই সৌদি আরবকেও আমরা পাব।” গত ৫ নভেম্বরে ট্রাম্প একথা বলেন। সে সময় তিনি এর কোনও সময়সীমা উল্লেখ করেননি।
এর আগের মাসে এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “আমি চাই সৌদি আরবও এতে যুক্ত হোক। তারা যোগ দিলে অন্যরাও আসবে। আমি বিশ্বাস করি, সৌদি আরব যোগ দিলে সবাই যোগ দেবে।”
তবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সই করা আব্রাহাম চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি উপেক্ষিত ছিল।
