এবার ইউক্রেইনের আকাশে ‘রাশিয়ার’ বেলুন
বেলুনগুলো শনাক্ত হওয়ার পরদিন রাশিয়া ৩৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিপেক্ষ করেছে বলে জানান ইউক্রেইনের সেনাপ্রধান।
যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন নিয়ে হইচইয়ের মধ্যেই ইউক্রেইনে রাজধানী কিইভের আকাশে ছয়টি বেলুন শনাক্ত হয়েছে।
ইউক্রেইনের আকাশ সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে রাশিয়া ওই বেলুনগুলো পাঠিয়েছে বলে বিশ্বাস দেশটির সেনাবাহিনীর। তারা সবগুলো বেলুন গুলি করে ভূপাতিত করেছে।
বুধবার ওই বেলুনগুলো শনাক্ত হওয়ার পরদিন বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতের দিকে রাশিয়া ৩৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিপেক্ষ করে বলে জানান ইউক্রেইনের সেনা প্রধান।
ভূমি এবং সমুদ্র থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। যার আঘাতে এক নারী নিহত হয়েছেন। এছাড়া, দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সেগুলো আঘাত হেনেছে বলে জানান কিইভের কর্মকর্তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বেলুনগুলোর কয়েকটি ছবি দেখা যাচ্ছে। সেগুলোর নকশা প্রচলিত ধরনের নয়। বেলুনে একটি রাডার-রিফ্লেক্টর জুড়ে দেওয়া, যেটির কাঠামো আড়াআড়িভাবে স্থাপন করা।
সম্প্রতি পূর্ব ইউক্রেইনের নিপ্রোপেত্রোভস্কিতে রিফ্লেক্টর লাগানো বেলুন দেখা গেছে।
ইউক্রেইনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, ‘‘ওই বস্তুগুলো রাডার রিফ্লেক্টর এবং নির্দিষ্ট কিছু নজরদারি সরঞ্জাম বহন করতে সক্ষম।
‘‘আমাদের আকাশ সুরক্ষা ব্যবস্থাকে শনাক্ত করতে এবং নিঃশেষ করতে বেলুনগুলো পাঠানো হয়েছে।”
গত কয়েক দিনে আকাশে বেলুন নিয়ে যুক্তরাষ্ট্রেও হইচই পড়ে গেছে।
আর এ সপ্তাহের শুরুতে আকাশে ১১ হাজার ফুট উচ্চতায় বেলুনের মত একটি বস্ত শনাক্ত হওয়ার পর রোমানিয়া তাদের যুদ্ধবিমান প্রস্তুত করেছিল।
আকাশে অজ্ঞাত বস্তু ভাসতে থাকায় মলদোভাও কয়েকঘণ্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।
দিন কয়েক পরই ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের একবছর হবে। ক্রুজ মিসাইল এবং ইরানের তৈরি ড্রোনের পর এবার রাশিয়া তাদের আকাশ হামলার অস্ত্র হিসেবে বেলুনকে যোগ করেছে বলে ধারণা করা হচ্ছে।
বেলুনের মাধ্যমে আকাশ সুরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা সম্ভব। তাছাড়া, এটি ইউক্রেইন সেনাবাহিনীকে ‘ভুয়া লক্ষ্যে’ তাদের বহুমূল্যবান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এসএএমএস) ছুড়তে প্রলুব্ধ করতে পারে।
বিমান বাহিনীর মুখপাত্র কিইভের আকাশে শনাক্ত হওয়া বেলুনের আকার এবং গতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আরও বলেন, ইউক্রেইনের রাডার সেগুলো সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে এবং অন্তত দুইটির বেলায় ক্ষেপণাস্ত্র নষ্ট না করে শুধু গুলি ছুড়ে সেগুলো ভূপাতিত করা হয়েছে।
তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার পাশপাশি বেলুনে লাগানো রিফ্লেক্টরের সহায়তা নিয়ে রাশিয়ার যুদ্ধবিমান, বোমারু বিমান, ক্রুজ মিসাইল এবং ড্রোন অপেক্ষাকৃত আরও সহজে ইউক্রেইনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হবে বলেও বিশ্বাস ইউক্রেইনের সেনাবাহিনীর।
বেলুনগুলো দূর আকাশে বাতাসে ভেসে বেড়ায়। রাডারে সেগুলো রাশিয়ার বিমান বা হেলিকপ্টার বলে মনে হতে পারে এবং ইউক্রেইনের আকাশ সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেগুলোকে আঘাত হানতে পারে।
রাশিয়ার সেনা বিশেষজ্ঞ আন্দ্রেই ক্লিনিৎসেভিচ বলেন, কের্চ প্রণালীর উপর দিয়ে ক্রিমেয়া পর্যন্ত সেতুটিকে আক্রমণ থেকে রক্ষা করতে রাশিয়া একই কৌশল অবলম্বন করছিল।
