Published : 28 Dec 2025, 12:09 PM
ইতালিভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে তহবিল যোগাচ্ছেন, এমন সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার ইতালীয় কৌঁসুলিরা জানিয়েছেন, মাফিয়াবিরোধী ও সন্ত্রাসবিরোধী ইউনিটগুলোর সমন্বয়ে চালানো এক অভিযানে সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছেন তারা।
ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ার সরকারি কৌঁসুলিরা এক বিবৃতিতে জানিয়েছেন, সন্দেহভাজনরা ফিলিস্তিনি সংগঠনটির ‘অন্তর্গত এবং তাদের তহবিল যুগিয়েছে’ বলে অভিযোগ পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
বিবৃতিতে তারা জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হামাসের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে ঘুর পথে প্রায় ৭০ লাখ ইউরো পাঠিয়েছে বলে অভিযোগ। এসব অর্থ গত দুই বছর ধরে দৃশ্যত মানবিক উদ্দেশের জন্য সংগ্রহ করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, অভিযানে ৮০ লাখ ইউরোর বেশি সম্পদ জব্দ করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, সন্দেহজনক আর্থিক লেনদেন চিহ্নিত হওয়ার পর এ নিয়ে তদন্ত শুরু হয়েছিল আর তা নেদারল্যান্ডস ও ইইউভুক্ত অন্য দেশগুলোর সহযোগিতায় বিস্তৃত হয়। ইইউয়ের বিচার বিভাগীয় সংস্থা ইউরোজাস্টের মাধ্যমে তদন্তের সবগুলো দিক সমন্বয় করা হয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। অভিযানটিকে ‘জটিল ও গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন তিনি। এই অভিযানের মাধ্যমে ‘তথাকথিত দাতব্য সংগঠনগুলোর’ মাধ্যমে হামাসের জন্য তহবিল যোগানোর বিষয়টি উদ্ঘাটিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য রয়টার্সের জানানো অনুরোধে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
গাজায় হামাসের সঙ্গে দুই বছর ধরে যুদ্ধ চলার সময় মেলোনি ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। তার এই সমর্থনের প্রতিক্রিয়ায় ইতালিজুড়ে রাস্তায় রাস্তায় বারবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে।
ফিলিস্তিনি ছিটমহলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।