শীতকালে কোভিডের ঢেউ মোকাবেলায় ইউরোপের ‘এখনই সক্রিয় হওয়া দরকার’
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ইউরোপীয় কমিশনার স্তেলা কিরিয়াকিদিস সতর্ক করে বলেছেন, মহামারী শেষ না হওয়ায় আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।
আসছে শরতে ও শীতে কোভিড-১৯ এর নতুন ঢেউ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর এখনই প্রস্তুতি শুরু করা দরকার বলে মনে করেছেন ব্লকটির স্বাস্থ্য বিষয়ক প্রধান।
সেখানে প্রাদুর্ভাবের ‘উদ্বেগজনক বৃদ্ধি’ ঘটছে বলে সোমবার সতর্ক করেছেন তিনি।
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ইউরোপীয় কমিশনার স্তেলা কিরিয়াকিদিস আরও সতর্ক করে বলেছেন, মহামারী শেষ না হওয়ায় আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।
সাইপ্রাসের রাষ্ট্রায়ত্ত রেডিওকে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকটি দেশে মহামারীর উদ্বেগজনক বৃদ্ধি ঘটছে। গত দুই মাস ধরে আমরা শরৎ ও শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি। মহামারীর পরবর্তী ঢেউ যেন আমাদের অর্থনীতি ও সমাজের ওপর ফের বোঝা হয়ে চেপে বসতে না পারে সে বিষয়ে পূর্ণ সজাগ আছি আমরা।
“বিশেষভাবে এমন একটি সময়ে যখন এটি ইউক্রেইনে আক্রমণ ও যুদ্ধ এবং মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত।”
সাইপ্রাসের নাগরিক কিরিয়াকিদিস সম্প্রচারমাধ্যমটিকে বলেন, কমিশন সদস্য রাষ্ট্রগুলোকে এখন ষাটোর্ধ্ব বয়সীদের ও দুর্বল গোষ্ঠীগুলোর লোকদের বুস্টার ডোজ দেওয়ার গতি বাড়াতে বলেছে।
“এই মাসগুলো প্রস্তুতিমূলক মাস হওয়া উচিত যেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্ভাব্য নতুন ঢেউয়ের জন্য প্রস্তুত থাকে, যা হয়তো (উদাহরণ হিসেবে) মৌসুমি ফ্লুর সঙ্গে মিলিতভাবে আসতে পারে,” বলেছেন তিনি।
