২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার হাতে নিরাপত্তা পরিষদের নেতৃত্ব ধ্বংসাত্মক: জেলেনস্কি

ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা রাশিয়ার সভাপতিত্ব লাভের ঘটনাকে ‘আন্তর্জাতিক সম্প্রদয়ের মুখে চড়’ বলে মন্তব্য করেন।

রাশিয়ার হাতে নিরাপত্তা পরিষদের নেতৃত্ব ধ্বংসাত্মক: জেলেনস্কি

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 02 Apr 2023, 07:45 PM

Updated : 02 Apr 2023, 08:19 PM

রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ায় চটেছে ইউক্রেইন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন পদক্ষেপকে অযৌক্তিক এবং ধ্বংসাত্মক বলে বর্ণনা করেছেন।

শনিবার জেলেনস্কি এ মন্তব্য করেন। ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাও এদিন রাশিয়ার সভাপতিত্ব লাভের ঘটনাকে ‘আন্তর্জাতিক সম্প্রদয়ের মুখে চড়’ বলে মন্তব্য করেছেন।

চলতি মাসের জন্য শনিবারেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিয়েছে রাশিয়া। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এবং আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

নিরাপত্তা পরিষদে স্থায়ী এবং অস্থায়ী সদস্যসহ মোট ১৫টি সদস্য দেশ রয়েছে। পালাক্রমে প্রত্যেক সদস্য দেশ এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে থাকে।

এটি মূলত পদ্ধতিগত দায়িত্ব হলেও ক্রেমলিন ও অন্য রুশ কর্মকর্তারা সভাপতির দায়িত্ব পালনের সময় ‘সব অধিকার প্রয়োগ’ করার অঙ্গীকার করেছেন।

রাশিয়া সবশেষ নিরাপত্তা পরিষদের সভাপতি ছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ওই মাসেই ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সে অভিযান এখনও চলছে।

গত শুক্রবার রাশিয়া বাহিনীর গোলাবর্ষণে পাঁচ মাস বয়সী এক বালক নিহত হয়েছে জানিয়ে শনিবার ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “দুর্ভাগ্যবশত, আমাদের কাছে... স্পষ্টতই কিছু অযৌক্তিক এবং ধ্বংসাত্মক খবর আছে।”

“রাশিয়া একই সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে। এটি এমন এক পদক্ষেপ, যা কল্পনা করাও কঠিন। এ ধরনের প্রতিষ্ঠান যে দেউলিয়াত্বের দিকে যাচ্ছে এই ঘটনা সেটিই প্রমাণ করে।”

নিরাপত্তা পরিষদসহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তনের সময় এসেছে বলেও জেলেনস্কি মন্তব্য করেন। তিনি বলেন, “একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং অন্য যে কোনও রাষ্ট্র- যারা সন্ত্রাসী হতে চায়, তাদেরকে শান্তি বিনষ্ট করা থেকে বিরত রাখতে অবশ্যই সংস্কার প্রয়োজন।”

ইউক্রেইনের আপত্তির পরও রাশিয়াকে সভাপতির দায়িত্ব নেওয়া থেকে ঠেকিয়ে রাখতে পারেনি নিরাপত্তা পরিষদের আরেক স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় দেশটির এ দায়িত্ব নেওয়া ঠেকানোর কোনও উপায় ছিল না।

তাই দায়িত্ব পালনের সময় রাশিয়াকে ‘পেশাদারিত্বের সঙ্গে আচরণ করার’ জন্য গত বৃহস্পতিবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত মার্চে ইউক্রেইনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)।

পুতিন বেআইনিভাবে ইউক্রেইনের শিশুদেরকে রাশিয়ায় সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে। তবে আইসিসি’র হাতে বিচারিক ক্ষমতা থাকলেও কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই।