নতুন প্রধানমন্ত্রীত্বে যুক্তরাজ্যর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে: রাশিয়া
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমলে যুক্তরাজ্য-রাশিয়া সম্পর্ক আরও খারাপের দিকে যাবে- এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বলেছেন ক্রেমলিনের মুখপাত্র।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে চলা লিজ ট্রাসকে নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ রাজনীতিবিদদের বক্তব্য এমনকী রুশ গণমাধ্যমেও তাকে নিয়ে অবজ্ঞার সুর।
ট্রাসের ক্ষমতায় আরোহণ দু’দেশের সম্পর্কের উন্নতিতে কোনও কাজে আসবে না বলেই পূর্বাভাস দিয়েছে রাশিয়া।
এরই মধ্যে খারাপ পর্যায়ে থাকা যুক্তরাজ্য-রাশিয়া সম্পর্ক ট্রাসের আমলে আরও খারাপের দিকে যাবে- এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সোমবার মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কে কোনও মোড় পরিবর্তন মস্কো আশা করছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ ওই মন্তব্য করেন বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা।
তিনি বলেন, “আমি মনে করি না আমরা ইতিবাচক কোনও কিছু আশা করতে পারি।”
পেসকভ আরও বলেন, “আমি বলতে চাই না যে, সম্পর্ক খারাপের দিকে যাবে, কারণ খারাপ কিছু হওয়ার চিন্তা করা কঠিন। কিন্তু দুঃখজনক, এমন কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন ‘রাশিয়া বিরোধিতায় ভরপুর’ ছিল, প্রধানমন্ত্রী পদের প্রার্থীরা রাশিয়া বিরোধী বক্তব্য রেখে প্রচার চালিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে বলে পেসকভ উল্লেখ করেন। আর একারণে সম্পর্কের উন্নতি হওয়ারও কিছু নেই, বলেন তিনি।
লিজ ট্রাস এর আগে ইউক্রেইনের কাছে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এক বৈঠকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ জানিয়ে কথা বলেছিলেন।
পরে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাজ্য কিইভকে সক্রিয়ভাবে সবচেয়ে বেশি সমর্থন দিয়ে আসছে। ইউক্রেইনকে অস্ত্র এবং প্রশিক্ষণও দিচ্ছে যুক্তরাজ্য।
তবে এছাড়াও আরও কয়েকটি কারণে রাশিয়া এবং যুক্তরাজ্যের সম্পর্ক অনেকদিন ধরেই তলানিতে আছে। এর মধ্যে আছে, ২০০৬ সালে সাবেক রুশ নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্সান্ডার লিটভিনেঙ্কোকে লন্ডনে বিষপ্রয়োগের ঘটনাসহ সাবেক রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে নার্ভ এজন্ট দিয়ে হত্যাচেষ্টার মতো ঘটনা।
এমন বৈরি সম্পর্কের আবহেই যুক্তরাজ্যের ভাবি প্রধানমন্ত্রীকে কড়া কথা শুনাল রাশিয়া। তবে বিশ্বের অন্য অনেক দেশের নেতার কাছ থেকেই উষ্ণ অভিনন্দন পাচ্ছেন লিজ ট্রাস।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তে, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস দুই নেতাই লিজ ট্রাসকে স্বাগত জানিয়েছেন এবং তার আমলে বন্ধু ও অংশীদারের মতো পাশে থেকে কাজ করবেন বলে প্রতিশ্রতি দিয়েছেন।
ওদিকে, অস্ট্রিয়ার গণমাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে তুলনা করা হয়েছে।
