ইউক্রেইন যুদ্ধ: রাশিয়াকে কী অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া?
উত্তর কোরিয়া থেকে যাওয়া ট্রেনে ঘোড়া ছিল বলে দাবি করেছে রাশিয়া।
ভূউপগ্রহের ছবিতে একটি ট্রেনকে উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করতে দেখা গেছে।
শুক্রবারের ট্রেন চলার দুই দিন আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, পিয়ংইয়ং গোপনে রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করছে। তবে কী ইউক্রেইন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।
বাণিজ্যিক ভূউপগ্রহের তোলা কয়েকটি ছবি বিশ্লেষণ করে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ‘দ্য ৩৮ নর্থ’ ওয়েব সাইটে উত্তর কোরিয়া থেকে ট্রেন রাশিয়া প্রবেশের খবর দেওয়া হয়েছে।
বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়ার কার্যক্রমের উপর নজরদারি করে দ্য ৩৮ নর্থ প্রকল্প।
তাদের ওয়েবসাইটে বলা হয়, গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনো ট্রেনকে নির্দিষ্ট ওই পথে চলাচল করতে দেখা গেল।
রাশিয়ার পশু বিভাগ থেকেও গত বুধবার উত্তর কোরিয়া থেকে ঘোড়া নিয়ে একটি ট্রেন রাশিয়া গিয়েছে বলে জানানো হয়ছে।
৩৮ নর্থের পক্ষ থেকে বলা হয়, ‘‘ভূউপগ্রহের ছবি দেখে ট্রেনটি ঠিক কী উদ্দেশে রাশিয়া গেছে তা নির্ধারণ করা অসম্ভব। তবে উত্তর কোরিয়া রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করছে এমন খবর প্রকাশের পর ওই ট্রেনের সীমান্ত অতিক্রম করা দুই দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে, সাধারণভাবে এমনটাই ধরে নেওয়া যায়।”
কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া দুই দেশের মধ্যে ৮০০ মিটার দীর্ঘ কোরিয়া-রাশিয়া ফ্রেন্ডশিপ সেতুটি বন্ধ করে দেয়। স্থলপথে ওই সেতুটিই দুই দেশের মধ্যে যোগাযোগের একমাত্র পথ।
৩৮ নর্থ’র প্রতিবেদনে আরো বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটের দিকে তিনটি বদ্ধ বগির একটি ট্রেন সীমান্তে উত্তর কোরিয়ার অংশে দেখা যায়। দুপুর ১টা ১০ মিনিটের দিকে ওই তিনটি বগিকে ওই রেলওয়ে সেতুর শেষ প্রান্ত থেকে ২০০ মিটার দূরে রাশিয়ার ভূখণ্ডে একটি রেলইঞ্জিনের পেছনে দেখা যায়।
দুপুর ২টা ২৯ মিনিটের দিকে ওই রেলইঞ্জিনটিকে তিনটি বগিসহ রাশিয়ার খারসান স্টেশনের রেললাইনের উপর দেখতে পাওয়া যায়। যেটি সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। চারিদিক ঘেরা ওই তিনটি বগির পাশে নতুন একটি ট্রেন দাঁড়িয়েছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, ‘‘বগির ভেতরে থাকা পণ্য স্থানান্তর করতে ট্রেন দুটি পাশপাশি দাঁড়িয়ে ছিল নাকি ওই দুটো ট্রেনের পাশাপাশি দাঁড়িয়ে থাকার মধ্যে কোনো সম্পর্ক নেই, ছবি দেখে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।”
হোয়াইট হাউজ থেকে গত বুধবার বলা হয়, ওয়াশিংটনের কাছে এমন তথ্য রয়েছে যেটা ইঙ্গিত করে উত্তর কোরিয়া গোপনে রাশিয়াকে ইউক্রেইন যুদ্ধে ব্যবহারের জন্য ‘উল্লেখযোগ্য’ সংখ্যায় কামানের গোলা দিচ্ছে এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর মাধ্যমে সেগুলোর চালান পাঠিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করছে।
এদিকে, উত্তর কোরিয়া গত সেপ্টেম্বর দাবি করেছিল, তারা কখনো রাশিয়ায় অস্ত্র বা গোলাবারুদ পাঠায়নি এবং তেমন কোনো পরিকল্পনাও তাদের নেই।
