বিদেশিরা কানাডায় বাড়ি কিনতে পারবেন না
এ বছর ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
আকাশছোঁয়া বাড়ির দাম কিছুটা নাগালের মধ্যে আনতে দুই বছরের জন্য বিদেশিদের কানাডায় বাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানায় বিবিসি।
নিষেধাজ্ঞায় বলা হয়, কানাডার নাগরিক নন বা স্থায়ী বাসিন্দা নন এমন কেউ আপাতত আবাসিক সম্পদ ক্রয় করতে পারবেন না। যদি কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তবে তাকে ১০ হাজার কানাডীয় ডলার জরিমানা দিতে হবে।
এই গ্রীষ্মে কানাডাতে একটি বাড়ির গড় দাম সাত লাখ ৭৭ হাজার ২০০ কানাডীয় ডলার ছিল। যাবতীয় কর পরিশোধের পর দেশটির মাঝারি আয়ের একটি পরিবারের বার্ষিক আয়ের তুলনায় যা ১১ গুণ বেশি।
বাড়ি কিনতে বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি ব্যয় করতে হয় কানাডা তার অন্যতম। তাই দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
যদিও সমালোচকরা বলছে, সরকারের এই সিদ্ধান্ত প্রকৃতপক্ষে কানাডার আবাসন ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে এটা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।
কানাডার অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়ায় বাড়ির মালিকদের মধ্যে ৬ শতাংশের কম কানাডার নাগরিক নন। জাতীয় পরিসংখ্যান অনুযায়ী ওই দুই রাজ্যে বাড়ির দাম সবথেকে বেশি।
গত ২১ ডিসেম্বর কানাডা সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
কারা এই নিষেধাজ্ঞার আওতা মুক্ত থাকবেন সেটাও স্পষ্ট করে বলা হয়। আন্তর্জাতিক শিক্ষার্থী যারা অন্তত পাঁচ বছর ধরে কানাডায় বসবাস করছেন, আশ্রয় প্রার্থনা করা ব্যক্তি এবং যাদের কাছে কাজের অস্থায়ী অনুমতিপত্র আছে তারা ছাড়া পাবেন।
কেন্দ্রীয় আবাসনমন্ত্রী আহমেদ হুসেন বলেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ওইসব ক্রেতাদের নিরুৎসাহিত করা যারা বাড়িকে বসবাস ও পরিবার বৃদ্ধির জায়গার পরিবর্তে পণ্য হিসাবে দেখেন।
‘‘এ আইনের মাধ্যমে আমরা এই ব্যবস্থা নিশ্চিত করতে চাইছি যে, কানাডার নাগরিকরা বাড়ির মালিক হবেন এবং এ দেশে বসবাস করা প্রত্যেকের সুবিধার জন্যই এটা করা হচ্ছে।”
তিনি প্রশ্ন তোলেন, কেন কানাডায় একটি বাড়ি কিনতে ৩০ বছর লেগে যাবে।
বিবিসি জানায়, ২০১৩ সালের তুলনায় ২০২২ সালে কানাডায় বাড়ির দাম ৪৮ শতাংশ বেড়ে গেছে। সেখানে এখন একটি বাড়ি কিনতে গড়ে পাঁচ লাখ ২২ হাজারের বেশি কানাডীয় ডলারের প্রয়োজন পড়ে।
নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এমনকি যুক্তরাষ্ট্রে এরচেয়ে কম অর্থ ব্যয় করে বাড়ি কেনা সম্ভব।
নিউজিল্যান্ড ২০১৮ সাল থেকে বিদেশিদের বাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।
