পাপুয়া নিউ গিনিতে অস্ট্রেলিয়ার অধ্যাপকসহ গবেষকদল জিম্মি
গবেষক দলটি পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত পাহাড়ি এলাকায় শিক্ষা সফরে গিয়ে অস্ত্রধারীদের হাতে জিম্মি হয়।
পাপুয়া নিউ গিনিতে কয়েকজন গবেষক, স্থানীয় কয়েকজন শিক্ষাবিদ এবং অস্ট্রেলিয়ার এক অধ্যাপককে বন্দুকের নলের মুখে জিম্মি করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই দলটি পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত পাহাড়ি এলাকায় শিক্ষা সফরে গিয়েছিল। সেখানে একদল সশস্ত্র মানুষ তাদেরকে জিম্মি করে। তাদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিবিসি জানায়, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন, কর্তৃপক্ষ অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করছে। জিম্মিদের ‘জীবিত ও নিরাপদে’ মুক্ত করে আনা হবে বলে আশা করা হচ্ছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে একটি বিশাল দলকে জিম্মি করা হয়েছিল, তবে পরে স্থানীয় কয়েকজন গাইডকে ছেড়ে দেওয়া হয়। ঠিক কতজনকে আটকে রাখা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
তবে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম বলছে, এ সংখ্যা চার কিংবা পাঁচ। তাদের মধ্যে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক এবং পাপুয়া নিউ গিনির একজন শিক্ষাবিদরাসহ শিক্ষার্থীরা রয়েছে।
প্রধানমন্ত্রী মারাপে সাংবাদিকদের বলেছেন, অস্ট্রেলিয়ার অধ্যাপক পাপুয়া নিউ গিনি কর্তৃপক্ষকে নিশ্চিত করে জানিয়েছেন যে, জিম্মি হওয়া সবাই জীবিত আছেন।
কর্মকর্তা ও জিম্মিকারীদের মধ্যে আলোচনা চলছে এবং পুলিশ ও সেনাবাহিনী জিম্মি উদ্ধারে সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে জানান তিনি।
এর আগে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার কাছের পাপুয়া অঞ্চলে নিউ জিল্যান্ডের একজন পাইলটকে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা জিম্মি করে।
