সিডনিতে ডেপুটি মেয়র এলিজা রহমানকে প্রবাসীদের সংবর্ধনা
বাংলাদেশি বংশোদ্ভূত এলিজার নতুন দায়িত্বে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসীরা।
অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন সিটি কাউন্সিলের নবনির্বাচিত ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমানকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার সন্ধ্যায় ওরান পার্কের ক্যামডেন সিভিক সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
ইউনিভার্সিটি অব নটরডেম অস্ট্রেলিয়ার প্রভাষক সাখাওয়াত নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো হয়।
পরে এলিজা আজাদ রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে ফুল ও সম্মাননা উপহার দেন আয়োজকেরা। অনুষ্ঠানে ১৮ জন অতিথি ও বক্তা তাকে অভিনন্দন জানান।
বক্তব্য দেন এলিজা রহমানের মেয়ে মাহিকা রহমান, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক মাসুদুল হক, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো. রহমতুল্লাহ, সেলিমা বেগম, ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর শিরিন আক্তার, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, আশিকুর রহমান এবং লেবার পার্টির ক্যামডেন শাখার প্রেসিডেন্ট ব্রায়ান কুলকাট।
বক্তারা আশা প্রকাশ করেন, এলিজা রহমানের নেতৃত্বে ক্যামডেন সিটির উন্নয়ন আরও গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি বাড়বে এবং স্থানীয় বাসিন্দাদের কল্যাণে তিনি ভূমিকা রাখবেন।
এছাড়া গামা আবদুল কাদের, মো. শফিকুল আলম, সিরাজুল হক, অজয় দাশগুপ্ত, আবদুল্লাহ আল নোমান শামীম ও কামাল পাশাসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা তাকে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রোকসানা বেগম, আনিসুর রহমান ও মেহেদী, নাচ পরিবেশন করেন অর্পিতা সম।
