২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু

মাত্র এক সপ্তাহ আগেই মধ্যপন্থি বিরোধী নেতা বেনি গান্তজ এবং তার মিত্র পদত্যাগ করলে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পট প্রস্তুত হয়।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 17 Jun 2024, 04:54 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছয়-সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা।

মাত্র এক সপ্তাহ আগেই মধ্যপন্থি বিরোধী নেতা বেনি গান্তজ এবং তার মিত্র গাডি আইজেনকোট পদত্যাগ করলে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পট প্রস্তুত হয়।

নেতানিয়াহু এখন গাজার যুদ্ধ নিয়ে মন্ত্রীদের একটি ছোট গ্রুপের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। যে গ্রুপে আছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমার। এই মন্ত্রীরাও যুদ্ধকালীন মন্ত্রিসভায় ছিলেন।

বেনি গান্তজের পদত্যাগের পর নতুন একটি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছিল তার জোটের কট্টর-ডানপন্থি মন্ত্রীরা। কিন্তু এতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারত।

গাজা-যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অভাব এবং যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্বে ব্যর্থতার অভিযোগে গান্তজ ও আইজেনকোট পদত্যাগ করেছিলেন।

গতবছর অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধের শুরুতে নেতানিয়াহুর জাতীয় ঐক্য সরকারে গান্তজ ও তার মিত্র আইজেনকোট যোগ দেওয়ার পর তাদেরই অনুরোধে গঠন করা হয়েছিল যুদ্ধকালীন মন্ত্রিসভা।

সেই তারাই এই মন্ত্রিসভা থেকে সরে যাওয়ায় “এখন আর এর প্রয়োজন নেই” বলে মন্ত্রীদেরকে রোববার জানিয়েছেন নেতানিয়াহু। তবে মন্ত্রিসভা ভেঙে গেলেও চেইন অব কমান্ডে এর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র।