২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জিম্মির বদলে ছাড়া পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি, ‘খুলতে পারে’ রাফা সীমান্ত ক্রসিং

চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে চলতি সপ্তাহেই আলোচনা শুরু হওয়ার কথা।

৩ জিম্মির বদলে ছাড়া পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি, ‘খুলতে পারে’ রাফা সীমান্ত ক্রসিং
গাজা সিটিতে জিম্মি মুক্তির আগে হামাস যোদ্ধাদের প্রস্তুতি। ড্রোন থেকে তোলা। ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2025, 03:53 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি গণহত্যার অবসান ঘটানো যুদ্ধবিরতি চুক্তির আওতায় চতুর্থ দফায় আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

শনিবার প্রথমে ফ্রেঞ্চ-ইসরায়েলি দ্বৈত নাগরিক ওফার কালদেরন ও ইসরায়েলি ইয়ার্ডেন বিবাসকে দক্ষিণ গাজার খান ইউনিসে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। ঘণ্টাখানেক পর ভূখণ্ডটির উত্তর অংশের গাজা সিটি থেকে ছাড়া হয় আমেরিকান-ইসরায়েলি দ্বৈত নাগরিক কিথ সিগেলকে। 

উভয় স্থানেই কয়েকশ হামাস যোদ্ধা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভিড় সামলেছেন; জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার সময় কালদেরন, বিবাস ও সিগেলকে জনতার উদ্দেশ্যে হাতও নাড়তে দেখা গেছে।

শনিবার পরের দিকে গাজা ও মিশরের মধ্যে থাকা রাফা সীমান্ত ক্রসিংও খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে আল জাজিরা।

এদিন প্রথম পর্বে মুক্ত কালদেরন ও বিবাস এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেও গেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার আগে তাদেরকে প্রাথমিক মেডিকেল চেকআপের মধ্য দিয়ে যেতে হবে। 

মাসের পর মাসব্যাপী ইসরায়েলি বোমাবর্ষণের পরও যে হামাস গাজার পরিস্থিতি চাইলে নিয়ন্ত্রণে রাখতে পারে শনিবারের জিম্মিমুক্তি তা প্রমাণ করেছে, বলছেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মধ্য প্রাচ্যের রাজনীতি বিশেষজ্ঞ লুসিয়ানো জাকারা।

“যদিও ইসরায়েল দাবি করছে যে হামাস ধ্বংস হয়েছে, কিন্তু আমরা যেসব দৃশ্য দেখছি, তাতে হামাস যে এখনও আছে তার ধারণা পাওয়া যাচ্ছে। 

“বন্দি বিনিময়ে ঠিক সময়মতোই হচ্ছে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ও পরিকল্পনা অনুযায়ী শুরু হবে বলে আমরা আশা করতেই পারি,” আল জাজিরাকে এমনটাই বলেছেন তিনি। 

১৯ জানুয়ারি হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার ইসরায়েলেরও ১৮৩ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়ার কথা। 

চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে চলতি সপ্তাহেই আলোচনা শুরু হওয়ার কথা। 

অসুস্থ ও গুরুতর আহত ফিলিস্তিনিদের জন্য শনিবার গাজা ও মিশরের মাঝে অবস্থিত রাফা সীমান্ত ক্রসিংও খুলে দেওয়ার সম্ভাবনা আছে। 

শুরুতে ৫০ অসুস্থ ফিলিস্তিনিকে ক্রসিংটি অতিক্রমের অনুমতি দেওয়া হবে, প্রত্যেক অসুস্থ ফিলিস্তিনির সঙ্গে তার পরিবারের তিন সদস্যও সঙ্গী হওয়ার সুযোগ পাবে। 

ক্রসিংটি খুলে দেওয়া হলে গাজামুখী ত্রাণও এই পথ ব্যবহার করতে পারবে।