২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনাস্থা ভোটে কোনো রকমে উতরে গেল ম্যাক্রোঁর সরকার

ফ্রান্সের পার্লামেন্টের এই অনাস্থা ভোটে যা ভাবা হয়েছিল প্রস্তাবের পক্ষে তার চেয়ে বেশি ভোট পড়েছে।

অনাস্থা ভোটে কোনো রকমে উতরে গেল ম্যাক্রোঁর সরকার

ফ্রান্সের রাজধানী প্যারিসে দাঙ্গা পুলিশ প্রতিবাদকারীদের ঘিরে রেখেছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2023, 03:48 PM

Updated : 21 Mar 2023, 04:19 PM

ফ্রান্সের পার্লামেন্টে বিরোধীদলগুলোর ডাকে হওয়া অনাস্থা ভোটে কোনো রকমে পার পেয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার।

জনমনে অসন্তোষ সৃষ্টিকারী পেনশন সংস্কার আইনকে কেন্দ্র করে এ অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা, কিন্তু তা ব্যর্থ হয়। প্রস্তাবটি পাশ হলে তা ম্যাক্রোঁর সরকারকে ডুবিয়ে দিত আর পেনশন আইনটি বাতিল হতো, তা না হওয়ায় নিশ্চিতভাবেই স্বস্তি অনুভব করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।  

সোমবারের ত্রিপক্ষীয় এই অনাস্থা ভোটে যা ভাবা হয়েছিল প্রস্তাবের পক্ষে তার চেয়ে বেশি ভোট পড়েছে। পার্লামেন্টের ২৭৮ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন; প্রস্তাবটি পাশ হতে প্রয়োজনীয় ২৮৭ ভোট থেকে যা মাত্র নয়টি কম।

নতুন পেনশন আইনে অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৪ করা হয়েছে।

অনাস্থা ভোটে ম্যাক্রোঁর সরকার বেঁচে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সজুড়ে বিক্ষিপ্ত প্রতিবাদ শুরু হয়ে যায়। পুলিশ এসব প্রতিবাদ থেকে কয়েক ডজন লোককে গেপ্তার করে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

অনাস্থা প্রস্তাবে ব্যর্থ হওয়ার পর প্রতিবাদকারীরা ফ্রান্সের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে। পার্লামেন্টের বিরোধীদলীয় আইনপ্রণেতারা তাদের পরিকল্পনা পরিবর্তন করবেন বলে জানিয়েছেন আর ট্রেড ইউনিয়নগুলো বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিবাদে নামার প্রস্তুতি শুরু করেছে।

সোমবার প্যারিসের কেন্দ্রস্থলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ধর্মঘটের কারণে কয়েকদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপে প্রতিবাদকারীদের লাগানো আগুন নেভাতে ছুটে যায় দমকল কর্মীরা। এ সময় টানা পঞ্চম রাতের মতো প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলা চালিয়ে যায়। প্রতিবাদকারীদের মধ্যে বিপুল সংখ্যক তরুণের উপস্থিতি ছিল।  

বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশকে কিছু কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও লাঠি পেটা করতে দেখা যায়। কয়েক জায়গায় বিশেষ মোটর বাইক ব্যবহার করা পুলিশ কর্মকর্তারাও বিক্ষোভকারীদের ওপর চড়াও হন।

টেলিভিশন ফুটেজে এসব দেখে সঙ্ঘের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ক্লেমা ভুলে এক টুইটার পোস্টে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ এড়ানো উচিত বলে মন্তব্য করেছেন।

সংবিধানের ৪৯ দশমিক ৩ অনুচ্ছেদ বলবৎ করে পার্লামেন্টে ভোটাভুটিকে এড়িয়ে পেনশন বিল পাস করিয়ে নেন ম্যাক্রোঁ । বিরোধীরা বলছেন, ম্যাক্রোঁর এই সিদ্ধান্ত ইতোমধ্যে তার সংস্কারবাদী এজেন্ডাকে ক্ষতিগ্রস্ত করে তার নেতৃত্বকে দুর্বল করে ফেলেছে।

ম্যাক্রোঁর ওই সিদ্ধান্তের কারণেই বিরোধীরা তার সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছিল।

বুধবার বিকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা আছে। সেই ভাষণে ম্যাক্রোঁ কী বলেন তা শোনার জন্য এখন সবাই অপেক্ষা করে আছেন।

আগের খবর:

পুরনো খবর:

পার্লামেন্টে ভোট ছাড়াই পেনশন সংস্কারের চেষ্টা, ফ্রান্সে বড় বিক্ষোভের আশঙ্কা